তেলেঙ্গানায় ক্রেন ভেঙে মৃত ৫ শ্রমিক
- আপডেট সময় : ১১:৪৩:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬ ৪৪ বার পড়া হয়েছে
ভারতের তেলেঙ্গানার এনসিসি সেন্ট্রাল ওয়ার্ক শপে ক্রেন ভেঙে পড়ে মৃত্যু হয়েছে কমপক্ষে ৫ জন শ্রমিকের।
সোমবার (২৭ এপ্রিল ) রাঙ্গা রেড্ডি জেলার শংকর পল্লি মন্ডলের চেভেল্লা এলাকার মহালিঙ্গাপুরম গ্রামে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। এই ঘটনায় ১১ জন আহত হয়েছেন। তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে ২ জনের অবস্থা আশংকাজনক। মৃত্যুর সংখ্যা বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।
পুলিশ সূত্রে প্রকাশ, সোমবার (২৭ এপ্রিল ) এলাকায় ব্যাপক ঝড়বৃষ্টি হয়। সেই সময় মোট ১৬ জন শ্রমিক ক্রেনের পাশের একটি শেডের নিচে আশ্রয় নিয়েছিলেন সেই সময় হঠাৎ ক্রেনটি শেডের উপর ভেঙে পড়ে। এই ভয়াবহ দুর্ঘটনার পর স্থানীয়রা এসে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকরা ৫ জন শ্রমিককে মৃত বলে ঘোষণা করেন। আহতদের মধ্যে ২ জন আইসিইউতে ভর্তি রয়েছেন বলে জানা গেছে। এনিয়ে এলাকায় শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়েছে।

























