আলমডাঙ্গার রাজনীতিতে নতুন প্রত্যাশার নাম হাসিবুল হক লিপু
- আপডেট সময় : ১২:৪৮:২১ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬ ৪৬ বার পড়া হয়েছে
আলমডাঙ্গা পৌরসভা নির্বাচন ঘিরে রাজনৈতিক অঙ্গনে বইছে নতুন উত্তাপ। সম্ভাব্য মেয়র প্রার্থী, উপজেলা বিএনপির প্রবাসী কল্যাণ সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী হাসিবুল হক (লিপু)-কে ঘিরে পৌরজুড়ে তৈরি হয়েছে এক নতুন প্রত্যাশার আবহ। শহরের অলিগলি, বাজার, গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়ে মোড়ে এখন শোনা যাচ্ছে একটাই নাম— লিপু ভাই।
মঙ্গলবার বিকেল ৪টার দিকে শহরের আলিফউদ্দিন রোড মোড়ে তাঁর সমর্থকগোষ্ঠীর উদ্যোগে লিফলেট বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হয় ব্যাপক গণসংযোগ। এসময় পৌর এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, তরুণ সমাজ ও বিএনপির নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি কর্মসূচিকে প্রাণবন্ত করে তোলে। লিফলেট বিতরণ কর্মসূচিতে অংশ নেওয়া নেতাকর্মীরা জানান, আলমডাঙ্গাকে একটি আধুনিক, পরিচ্ছন্ন, দুর্নীতিমুক্ত ও নাগরিকবান্ধব পৌরসভা হিসেবে গড়ে তোলার প্রত্যয় নিয়েই মাঠে নেমেছেন তারা। প্রচারণায় উন্নয়ন পরিকল্পনা, নাগরিক সেবা নিশ্চিতকরণ, জলাবদ্ধতা নিরসন, পরিচ্ছন্ন নগর গঠন এবং তরুণদের জন্য কর্মসংস্থানের মতো বিষয়গুলো গুরুত্ব পাচ্ছে। যদিও এখনো আনুষ্ঠানিকভাবে নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দেননি হাসিবুল হক লিপু, তবুও তাঁর সম্ভাব্য অংশগ্রহণ নিয়ে পৌরবাসীর মধ্যে কৌতূহল তুঙ্গে। সদ্যসমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের পক্ষে তাঁর সরব উপস্থিতি এবং মাঠপর্যায়ের সক্রিয়তা ইতোমধ্যেই তাঁকে রাজনৈতিকভাবে আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/05/06/অপারেশন-থিয়েটার-ও-ল্যাব/
বিশেষ করে তরুণ প্রজন্মের কাছে তাঁর জনপ্রিয়তা চোখে পড়ার মতো। শুধু রাজনীতি নয়, বিভিন্ন দুর্যোগ-সংকটে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে মানবিকতার যে দৃষ্টান্ত তিনি স্থাপন করেছেন, তা আজও স্মরণ করছেন এলাকাবাসী। তাঁর সহজ-সরল আচরণ, মানুষের প্রতি আন্তরিকতা এবং নীরব সামাজিক কর্মকাণ্ড তাঁকে সাধারণ মানুষের কাছে একটি আস্থার প্রতীকে পরিণত করেছে। স্থানীয়দের ভাষ্য, আলমডাঙ্গার চায়ের আড্ডা থেকে শুরু করে রাজনৈতিক আলোচনার প্রতিটি পরিসরে এখন উচ্চারিত হচ্ছে তাঁর নাম। অনেকে মনে করছেন, তিনি নির্বাচনে অংশ নিলে প্রতিদ্বন্দ্বীদের জন্য লড়াই কঠিন হয়ে উঠবে এবং বিএনপির বিজয়ের সম্ভাবনা অনেকটাই উজ্জ্বল হবে।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/05/06/অদম্য-ওয়াহিবা-প্রতিকূল/
এ বিষয়ে যোগাযোগ করা হলে হাসিবুল হক লিপু বলেন,“আলমডাঙ্গা পৌরবাসীর ভালোবাসা ও আস্থাই আমার রাজনীতির সবচেয়ে বড় শক্তি। আমি সবসময় চেষ্টা করেছি মানুষের পাশে থাকতে—সুখে, দুঃখে, দুর্যোগে কিংবা সংকটে। আমার দল বিএনপি এবং পৌরবাসী যদি আমাকে দায়িত্ব দেওয়ার কথা মনে করেন, তাহলে তাদের প্রত্যাশা পূরণে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে যেতে চাই।” তিনি আরও বলেন,“আমার স্বপ্ন একটি দুর্নীতিমুক্ত, পরিচ্ছন্ন ও আধুনিক মানের পৌরসভা গড়ে তোলা। তবে আমি দলীয় সিদ্ধান্তের বাইরে কোনো সিদ্ধান্ত নেওয়ার কথা ভাবছি না।”নির্বাচনের আনুষ্ঠানিক তফসিল ঘোষণা না হলেও সম্ভাব্য মেয়র প্রার্থী হাসিবুল হক লিপুকে ঘিরে যে আলোচনা ও প্রত্যাশা তৈরি হয়েছে, তা ইতোমধ্যেই আলমডাঙ্গা পৌর এলাকার রাজনৈতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করেছে। এখন দেখার বিষয়—দলীয় সিদ্ধান্ত ও সময়ের বাস্তবতায় এই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা নামটি শেষ পর্যন্ত ব্যালটের লড়াইয়ে কতটা শক্ত অবস্থান নিয়ে হাজির হয়।




















