চীনের কয়লা খনিতে ভয়াবহ গ্যাস বিস্ফোরণ, ৯০ জন নিহত, নিখোঁজ ৯
- আপডেট সময় : ০২:৫০:৩৪ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬ ৪৯ বার পড়া হয়েছে
চীনের উত্তরাঞ্চলীয় প্রদেশ শ্যাংজির লিউশেনিউ কয়লা খনিতে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে কমপক্ষে ৯০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৯ জন নিখোঁজ এবং শতাধিক শ্রমিক আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ২৯ মিনিটে এ বিস্ফোরণ ঘটে। ঘটনার সময় খনিটিতে মোট ২৪৭ জন শ্রমিক কাজ করছিলেন। চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়ার প্রতিবেদনে ঘটনাটিকে গত ১৭ বছরের মধ্যে দেশের সবচেয়ে বড় খনি দুর্ঘটনা হিসেবে উল্লেখ করা হয়েছে।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/05/21/কাছাড়ের-সোনাবাড়িঘাট-বা/
বিস্ফোরণের পরপরই উদ্ধার অভিযান শুরু হয়। ৩৫৪ জন উদ্ধারকর্মী অংশ নিচ্ছেন এ কার্যক্রমে। শনিবার ভোর থেকে একে একে শ্রমিকদের উদ্ধার করা শুরু হয়। তবে উদ্ধার হওয়া ৯০ জনকে মৃত অবস্থায় পাওয়া গেছে। কর্তৃপক্ষ জানিয়েছে, নিখোঁজ ৯ জনকে উদ্ধারের চেষ্টা চলছে। একই সঙ্গে আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভি জানায়, বিস্ফোরণের পর খনির ভেতরে ব্যাপকভাবে বিষাক্ত কার্বন মনোক্সাইড গ্যাস ছড়িয়ে পড়ে, যা এত বড় প্রাণহানির অন্যতম কারণ। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন এবং নিহতদের পরিবারের জন্য আর্থিক সহায়তা ও আহতদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/05/23/ট্যাংক-বিস্ফোরণের-আশঙ্কা/
এ ঘটনায় খনিটির নিরাপত্তা তদারকির দায়িত্বে থাকা একজন কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে। শ্যাংজি প্রদেশ চীনের অন্যতম দরিদ্র অঞ্চল হলেও দেশটির প্রধান কয়লা উৎপাদন কেন্দ্র হিসেবে পরিচিত। উন্নত নিরাপত্তা ব্যবস্থার পরও খনি দুর্ঘটনা সেখানে মাঝেমধ্যে ঘটে থাকে।
























