আজ থেকেই ছুটি শুরু ১০৮ পোশাক কারখানায়
- আপডেট সময় : ১২:২৫:১০ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬ ৪২ বার পড়া হয়েছে
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানী ও আশপাশের শিল্পাঞ্চলের পোশাক শ্রমিকদের ছুটি ধাপে ধাপে শুরু হয়েছে। রোববার (২৪ মে) থেকে ১০৮টি পোশাক কারখানায় ছুটি কার্যকর হয়েছে বলে জানিয়েছে বিজিএমইএ।
বিজিএমইএর তথ্য অনুযায়ী, ২৫ মে ছুটি পাবে ৬৬৪টি কারখানা, যা মোট কারখানার প্রায় ৩৭ শতাংশ। এছাড়া ২৬ মে সবচেয়ে বেশি ৭১৩টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে, যা মোট কারখানার ৪৩ শতাংশ। আর ২৭ মে ছুটি পাবে আরও ২৫১টি কারখানা। বিজিএমইএর সহ-সভাপতি মো. শিহাব উদ্দোজা চৌধুরী বলেন, সড়কে অতিরিক্ত চাপ এড়াতে সরকারের সঙ্গে সমন্বয় করে রোস্টার অনুযায়ী কারখানাগুলোতে ছুটি দেওয়া হয়েছে।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/05/24/আগামী-এক-বছর-নজরুল-বর্ষ/
তিনি বলেন, “এই ব্যবস্থার ফলে শ্রমিকরা স্বস্তিতে গ্রামের বাড়ি যেতে পারবে এবং ঈদ শেষে আবার সময়মতো কর্মস্থলে ফিরতে পারবে।” তিনি আরও জানান, অধিকাংশ কারখানায় শ্রমিকদের বেতন ও বোনাস পরিশোধ করা হয়েছে। কিছু কারখানায় এখনো বকেয়া থাকলেও আজ-কালের মধ্যেই তা পরিশোধ করা হবে।
শিহাব উদ্দোজা চৌধুরী বলেন, “সরকারের প্রণোদনার অর্থ সময়মতো পাওয়ায় তুলনামূলক দুর্বল কারখানাগুলোও শ্রমিকদের বেতন-ভাতা দিতে সক্ষম হয়েছে।” এদিকে অনেক কারখানা চলতি মে মাসের অগ্রিম বেতনও পরিশোধ করেছে। ফলে শ্রমিকরা অতিরিক্ত অর্থ নিয়ে ঈদ উদযাপনের সুযোগ পাচ্ছেন।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/05/24/রামিসাকে-হত্যার-আগে-ধর্ষ/
ইতোমধ্যে রাজধানী ঢাকা ছাড়াও গাজীপুর, সাভার, আশুলিয়া ও নারায়ণগঞ্জ এলাকার শ্রমিকদের বড় একটি অংশ বাড়ির উদ্দেশে যাত্রা শুরু করেছেন। বাস, ট্রেন ও লঞ্চ টার্মিনালগুলোতেও যাত্রীচাপ বাড়তে শুরু করেছে। শ্রমিকদের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট সংস্থাগুলো বিশেষ ব্যবস্থা নিয়েছে বলেও জানা গেছে।


























