খানজাহান আলী মাজারের দিঘিতে কুমিরের হামলায় শিশুর নিখোঁজ
- আপডেট সময় : ১২:৪৫:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬ ৭৮ বার পড়া হয়েছে
বাগেরহাটের ঐতিহাসিক খানজাহান আলী (রহ.) মাজার সংলগ্ন দিঘিতে কুমিরের হামলায় এক শিশু নিখোঁজ হয়েছে। সোমবার (১লা জুন) রাত পৌনে ৯টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
ঘটনাস্থলে কর্মরত ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, শিশুটির বয়স আনুমানিক সাত বছর। ফায়ার সার্ভিসের ওয়ারহাউজ ইন্সপেক্টর মো. দুলাল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী শিশুটি দিঘির ঘাটে হাত-মুখ ধোয়া বা গোসল করার জন্য পানিতে নেমেছিল। এ সময় একটি কুমির তাকে টেনে নিয়ে যায়।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/02/ফ্রি-মেডিকেল-ক্যাম্পে-স্/
শিশুটির সঙ্গে অভিভাবক ছিলেন কি না—এ বিষয়ে জানতে চাইলে মো. দুলাল হোসেন বলেন, শিশুটির মা সেখানে উপস্থিত ছিলেন। তবে তিনি মানসিকভাবে অসুস্থ হওয়ায় ঘটনার সময় পরিস্থিতি বুঝতে পারেননি বলে ধারণা করা হচ্ছে। তিনি আরও জানান, মা ও শিশু দুজনেই দর্শনার্থী নন; তারা মাজার প্রাঙ্গণেই বসবাস করেন।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/02/চুয়াডাঙ্গা-জেলা-পরিষদের/
ঘটনার পরপরই ফায়ার সার্ভিস ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ উদ্ধার কার্যক্রম শুরু করে। তবে সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী শিশুটির কোনো সন্ধান মেলেনি। স্থানীয়দের মধ্যে ঘটনাটি ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। দিঘিতে থাকা কুমিরের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার দাবি জানিয়েছেন এলাকাবাসী।




















