পুলিশের অভিযানে ছিনতাই হওয়া প্রাইভেটকার উদ্ধার, গ্রেফতার-৩
- আপডেট সময় : ১২:৪৪:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬ ৮৮ বার পড়া হয়েছে
গাজীপুরের কালিয়াকৈরে পুলিশের বিশেষ অভিযানে ছিনতাই হওয়া একটি প্রাইভেটকার উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আন্তঃজেলা ছিনতাইকারী চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। পরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/04/এতিম-শিশুদের-মুখে-হাসি-ফু/
গ্রেফতারকৃতরা হলো উপজেলার রতনপুর গ্রামের আবুল হোসেনের ছেলে আব্দুল নাঈম (৩৪), রাখালিয়াচালা গ্রামের তুহিন আহমেদ (২৫) এবং মৃত সিদ্দিক মিয়ার ছেলে ছাব্বির হোসেন (২৬)। পুলিশ জানায়, তারা একটি আন্তঃজেলা ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২৯ মে রাতে রংপুর থেকে যাত্রী নিয়ে একটি প্রাইভেটকার রাজধানীর মহাখালীর উদ্দেশ্যে রওনা হয়। রাত প্রায় ২টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সফিপুর বাজার উড়াল সেতুর মাঝামাঝি এলাকায় পৌঁছালে দুটি মোটরসাইকেলে থাকা চার যুবক গাড়িটির গতিরোধ করে। পরে তারা অস্ত্রের মুখে চালক ও যাত্রীদের জিম্মি করে নগদ ১৮ হাজার ৫০০ টাকা এবং প্রাইভেটকারটি ছিনতাই করে পালিয়ে যায়।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/04/যৌতুকের-দাবিতে-গৃহবধূ-নি/
এ ঘটনায় পরদিন ৩০ মে সকালে গাড়ির মালিক নিপু মিয়া বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে। তথ্যপ্রযুক্তির সহায়তায় উপজেলার রতনপুর এলাকায় অভিযান চালিয়ে ছিনতাই হওয়া গাড়িটি উদ্ধার করা হয়। এ সময় দুইজনকে গ্রেফতার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে রাখালিয়াচালা এলাকায় অভিযান চালিয়ে আরও একজনকে গ্রেফতার করে পুলিশ।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/04/নির্মাণকাজে-অনিয়ম-পেলে/
তবে এ ঘটনার মূল হোতা এখনও পলাতক রয়েছে। তাকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, ছিনতাই হওয়া প্রাইভেটকারটি উদ্ধার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যান্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।




















