সমিতির কার্যালয় উন্নয়নে অনুদান দিলেন লিপু
- আপডেট সময় : ০৩:৩৮:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬ ৭৯ বার পড়া হয়েছে
একটি জাতির ভবিষ্যৎ গড়ে ওঠে শ্রেণিকক্ষের ভেতরে। আর সেই ভবিষ্যৎ নির্মাণের কারিগর হচ্ছেন শিক্ষকরা। শিক্ষকদের প্রতি সম্মান, কৃতজ্ঞতা ও উন্নয়ন ভাবনার বার্তা নিয়ে আলমডাঙ্গায় প্রাথমিক শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করেছেন উপজেলা বিএনপি নেতা, বিশিষ্ট সমাজসেবক এবং আলমডাঙ্গা পৌরসভা নির্বাচনে সম্ভাব্য মেয়র পদপ্রার্থী হাসিবুল হক লিপু। এ সময় তিনি বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির উপজেলা কার্যালয়ের উন্নয়নের জন্য বিশেষ অনুদান প্রদান করেন।
বৃহস্পতিবার (৪ জুন) সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি আলমডাঙ্গা উপজেলা শাখার কার্যালয়ে অনুষ্ঠিত হয় এ মতবিনিময় সভা। উপজেলা শাখার সভাপতি ইকবাল উদ্দীন আহমেদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাসিবুল হক লিপু।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি শিক্ষকদের ভূয়সী প্রশংসা করে বলেন, “যারা আমাদের সন্তানদের সুশিক্ষিত ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন, তাদের প্রতি সমাজের কৃতজ্ঞতা থাকা উচিত। শিক্ষকরা একটি জাতির ভবিষ্যৎ নির্মাণে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।”
তিনি আরও বলেন, “শিক্ষক সমাজের প্রতি আমার গভীর শ্রদ্ধা ও সম্মান রয়েছে। নতুন প্রজন্মকে মানবিক, শিক্ষিত ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে আপনাদের অবদান অনস্বীকার্য।” রাজনৈতিক ও সামাজিক দায়বদ্ধতার প্রসঙ্গ টেনে হাসিবুল হক লিপু বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠার পর আমার পরিবারের জ্যেষ্ঠ সদস্য প্রয়াত আমিনুল ইসলাম এ উপজেলায় দলের সাংগঠনিক ভিত্তি গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। সেই ধারাবাহিকতায় আমিও দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত রয়েছি।” তিনি বলেন, “আলমডাঙ্গার উন্নয়ন ও জনকল্যাণে কাজ করার প্রত্যয় নিয়েই আমি মানুষের পাশে আছি। আমি চাই আগামী প্রজন্ম একটি সুন্দর, আধুনিক ও আদর্শ পরিবেশে বেড়ে উঠুক। নাগরিকরা যেন তাদের ন্যায্য অধিকার ও সেবা নিশ্চিতভাবে পায়, সে লক্ষ্যেই কাজ করতে চাই।”
আসন্ন পৌরসভা নির্বাচন প্রসঙ্গে বক্তব্য দিতে গিয়ে তিনি শিক্ষকদের দোয়া, পরামর্শ ও সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, “আপনারা জাতি গঠনের কারিগর। আপনাদের অভিজ্ঞতা, প্রজ্ঞা ও মূল্যায়ন সমাজ ও রাষ্ট্রকে সঠিক পথে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”শিক্ষকদের প্রতি ভবিষ্যতেও সহযোগিতার আশ্বাস দিয়ে তিনি বলেন, “আমি মেয়র নির্বাচিত হই বা না হই, শিক্ষক সমাজ এবং তাদের সংগঠনের প্রতি আমার দায়িত্ব ও সহযোগিতা অব্যাহত থাকবে।”
অনুষ্ঠানে প্রাথমিক শিক্ষক সমিতি আলমডাঙ্গা উপজেলা শাখার সহ-আইন বিষয়ক সম্পাদক ইসতেশার মো. ফিরোজ সঞ্চালকের দায়িত্ব পালন করেন।এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি জেলা শাখার সাধারণ সম্পাদক ও আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির উদ্দীন, উপজেলা শাখার সহসভাপতি জহুরুল হক, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, অর্থ বিষয়ক সম্পাদক আনিসুজ্জামান এবং উপজেলা যুবদল নেতা খ. আব্দুল কাদেরসহ বিভিন্ন পর্যায়ের শিক্ষক নেতৃবৃন্দ।
মতবিনিময় সভাটি শিক্ষক সমাজের মর্যাদা, শিক্ষা উন্নয়ন ও আলমডাঙ্গার ভবিষ্যৎ নিয়ে আশাবাদের এক আন্তরিক বার্তায় পরিণত হয়।




















