মতিঝিলে গুলি করে ১৭ লাখ টাকা ছিনতাই, আহত মানি এক্সচেঞ্জ ব্যবসায়ী
- আপডেট সময় : ১২:৩৮:০৮ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬ ৪১ বার পড়া হয়েছে
রাজধানীর ব্যস্ততম বাণিজ্যিক এলাকা মতিঝিলের শাপলা চত্বরে দিনদুপুরে গুলি করে প্রায় ১৭ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
এ সময় আহত হয়েছেন লোকমান নামের এক মানি এক্সচেঞ্জ ব্যবসায়ী। রোববার বিকেল ৩টার পর একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের করপোরেট শাখার সামনে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, আহত লোকমান রাজধানীর শাহজাহানপুর এলাকার বাসিন্দা এবং মানি এক্সচেঞ্জ ব্যবসার সঙ্গে জড়িত।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/08/আতঙ্ক-দোয়া-আর-অনিশ্চয়ত/
প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, মোটরসাইকেলে করে আসা কয়েকজন দুর্বৃত্ত লোকমানকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পরে তার কাছে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে তারা। ছিনতাই হওয়া ব্যাগে প্রায় ১৭ লাখ টাকা ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে।
আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকদের তথ্য অনুযায়ী, তার হাতে একটি এবং পায়ের হাঁটুর নিচে দুটি গুলি লেগেছে। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামরুজ্জামান তালুকদার জানান, ঘটনাস্থল থেকে গুলির দুটি খোসা উদ্ধার করা হয়েছে। হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। এদিকে গোয়েন্দা সূত্র বলছে, এটি একটি পরিকল্পিত টার্গেটভিত্তিক ছিনতাই।
প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, ছয়জন দুর্বৃত্ত তিনটি মোটরসাইকেলে করে এসে হামলা চালায়।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/08/অসহায়-শহিদুলের-পাশে-আলম/
তদন্তকারীরা খতিয়ে দেখছেন, ব্যাংক থেকে অর্থ উত্তোলনের তথ্য আগে থেকেই কোনোভাবে ছিনতাইকারীদের কাছে পৌঁছেছিল কি না। একই সঙ্গে সংঘবদ্ধ ছিনতাই চক্রের সম্পৃক্ততার বিষয়টিও তদন্ত করা হচ্ছে।
আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক ইউনিট ইতোমধ্যে ঘটনাটির তদন্তে মাঠে নেমেছে। রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় এমন সাহসী ছিনতাইয়ের ঘটনায় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।




















