আইনশৃঙ্খলা ও বিদ্যুৎ সাশ্রয়ে পটুয়াখালীতে বড় পর্দায় বিশ্বকাপ দেখা বন্ধ
- আপডেট সময় : ০১:০১:৪১ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬ ৪০ বার পড়া হয়েছে
ফুটবল বিশ্বকাপ ঘিরে পটুয়াখালীর ফুটবলপ্রেমীদের জন্য বড় পর্দায় খেলা দেখার আয়োজন বন্ধ করে দিয়েছে জেলা প্রশাসন। উন্মুক্ত স্থানে এলইডি মনিটরে বিশ্বকাপ ম্যাচ সম্প্রচারের অনুমতি বাতিল করে বৃহস্পতিবার একটি নোটিশ জারি করা হয়।
পটুয়াখালীর অতিরিক্ত জেলা প্রশাসক তারেক হাওলাদার স্বাক্ষরিত ওই নোটিশে বলা হয়, বিভিন্ন দলের সমর্থকদের উপস্থিতিতে জনসমাগমস্থলে উত্তেজনা ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হতে পারে। পাশাপাশি সরকারের বিদ্যুৎ সাশ্রয় নীতির বিষয়টিও উল্লেখ করা হয়েছে।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/13/নিখোঁজের-৯-দিন-পর-খালে-মিল/
নোটিশ জারির পর শুক্রবার সন্ধ্যায় শহরের ঝাউতলার হৃদয় তরুয়া চত্বরে গিয়ে দেখা যায়, বিশ্বকাপ উপভোগের জন্য স্থাপন করা এলইডি মনিটরগুলো খুলে নেওয়া হচ্ছে। একই সঙ্গে দর্শকদের বসার জন্য তৈরি করা প্যান্ডেলও অপসারণ করা হয়। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় ফুটবলপ্রেমীরা। তাদের দাবি, বড় পর্দায় একসঙ্গে খেলা দেখার আয়োজন শহরের মানুষের মধ্যে আনন্দ, সম্প্রীতি ও উৎসবের পরিবেশ তৈরি করেছিল।
স্থানীয় বাসিন্দা রাকিব বলেন, বিশ্বকাপের খেলা সবাই মিলে বড় পর্দায় দেখার সুযোগটি ছিল অত্যন্ত আনন্দের। প্রশাসনের এই সিদ্ধান্তে তারা হতাশ হয়েছেন এবং বিষয়টি পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন। আরেক বাসিন্দা সাব্বিরের ভাষ্য, পটুয়াখালী একটি শান্তিপূর্ণ শহর। এখানে ফুটবল খেলা ঘিরে আইনশৃঙ্খলার অবনতি হওয়ার আশঙ্কা নেই বলেই তিনি মনে করেন। তাই বড় পর্দায় খেলা দেখার সুযোগ পুনরায় চালুর দাবি জানান তিনি।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/13/একদিনের-সফরে-কক্সবাজারে/
খেলা প্রদর্শনের আয়োজক আব্দুল্লাহ আন নাহিয়ান বলেন, তরুণদের জন্য সুস্থ বিনোদনের পরিবেশ তৈরি করতেই এ আয়োজন করা হয়েছিল। বিভিন্ন বয়সের মানুষ সেখানে একসঙ্গে খেলা উপভোগ করতেন। প্রশাসনের সিদ্ধান্তে তারা বিস্মিত এবং সাধারণ মানুষের আগ্রহ বিবেচনায় নিয়ে সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ জানিয়েছেন।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/13/গোয়ালন্দে-স্কুলছাত্রীক/
তবে জেলা প্রশাসন বলছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং বিদ্যুৎসহ অন্যান্য ক্ষেত্রে সরকারের সাশ্রয় নীতি বাস্তবায়নের স্বার্থে উন্মুক্ত স্থানে বৃহৎ পর্দায় বিশ্বকাপ ম্যাচ প্রদর্শনের অনুমতি দেওয়া সমীচীন নয়। ফলে বিশ্বকাপের উন্মাদনার মধ্যেই পটুয়াখালীর ফুটবলপ্রেমীদের বড় পর্দায় একসঙ্গে খেলা দেখার আশা আপাতত থমকে গেল।




















