পল্লবীর শিশু হত্যা মামলায় সোহেল-স্বপ্নার আপিল শুনানির জন্য গ্রহণ
- আপডেট সময় : ১২:৫০:৪৩ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬ ৪৩ বার পড়া হয়েছে
রাজধানীর মিরপুরের পল্লবীতে সাত বছরের এক শিশুকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামি সোহেল রানা ও স্বপ্না আক্তারের করা জেল আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন হাইকোর্ট।
রোববার বিচারপতি মোহাম্মদ আলী এবং বিচারপতি মো. সাইফুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালত সূত্রে জানা গেছে, আপিলের গ্রহণযোগ্যতা শুনানির জন্য সোহেল রানার জেল আপিলটি কার্যতালিকার ৩৪ নম্বরে এবং স্বপ্না আক্তারের আবেদনটি ৩৫ নম্বরে ছিল। পরে বিষয়টি শুনানি শেষে আদালত আপিল দুটি গ্রহণ করেন।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/13/হজ-শেষে-দেশে-ফিরেছেন-৫৪-হা/
এর আগে বিচারিক আদালতের দেওয়া মৃত্যুদণ্ডের রায় অনুমোদনের জন্য প্রয়োজনীয় ডেথ রেফারেন্সের সব নথিপত্রও হাইকোর্টে পৌঁছায়। গত ৭ জুন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন আলোচিত এ মামলার রায় ঘোষণা করেন। রায়ে দুই আসামিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়।
ট্রাইব্যুনাল রায়ে উল্লেখ করেন, ফৌজদারি কার্যবিধির ৩৬৮ ধারা অনুযায়ী আসামিদের মৃত্যু না হওয়া পর্যন্ত ফাঁসিতে ঝুলিয়ে রাখার নির্দেশ কার্যকর হবে। তবে ফৌজদারি কার্যবিধির ৩৭৪ ধারা অনুযায়ী হাইকোর্ট বিভাগের অনুমোদন ছাড়া এই মৃত্যুদণ্ড কার্যকর করা যাবে না।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/14/দেশের-১০-অঞ্চলে-৬০-কিমি-বে/
এ ছাড়া আসামি সোহেল রানাকে ৫ লাখ টাকা এবং স্বপ্না আক্তারকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ নিহত শিশুর আইনগত উত্তরাধিকারীদের প্রদান করার নির্দেশ দিয়েছেন আদালত। অর্থ পরিশোধ না করলে আসামিদের সম্পত্তি ক্রোক ও বিক্রির মাধ্যমে সেই অর্থ আদায়ের নির্দেশও দেওয়া হয়েছে। রায়ে আরও বলা হয়েছে, নারী ও শিশু নির্যাতন দমন আইনের বিধান অনুযায়ী আসামিরা নির্ধারিত সময়ের মধ্যে হাইকোর্টে আপিল করার অধিকার রাখেন।






















