
বশিরুল আলম, চুয়াডাঙ্গা সিনিয়র স্টাফ রিপোর্টার:
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় বিশেষ মাদকবিরোধী অভিযান চালিয়ে ৭০ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তিন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার ভোররাত সোয়া ৩টার দিকে উপজেলার কেদারনগর গ্রামের আলী হোসেন পান্নার বসতবাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—কেদারনগর গ্রামের মোহাম্মদ আইয়ুব আলী (গঙ্গা)-এর ছেলে মোহাম্মদ আলী হোসেন পান্না (৪২), মৃত আরজ আলীর ছেলে মোহাম্মদ আব্দুর রাজ্জাক (৫০) এবং মোহাম্মদ খায়রুল ইসলামের ছেলে মোহাম্মদ সাজিম (১৯)।
পুলিশ জানায়, চুয়াডাঙ্গার পুলিশ সুপার মেহেদী শাহরিয়ারের সার্বিক দিকনির্দেশনায় এবং আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলামের তত্ত্বাবধানে এসআই (নিঃ) আমিনুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। গোপন সংবাদের ভিত্তিতে কেদারনগর গ্রামের ওই বাড়িতে অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়।
পরে তাদের হেফাজত থেকে ৭০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় আলমডাঙ্গা থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ২৯(ক)/৪০/৪১ ধারায় মামলা দায়ের করা হয়েছে। মামলার নম্বর-০৪, তারিখ ৩ অক্টোবর ২০২৬।
পুলিশের তথ্যমতে, মামলায় গ্রেপ্তার তিনজন ছাড়াও এজাহারনামীয় আরও তিনজন এবং অজ্ঞাতনামা ২ থেকে ৩ জনকে আসামি করা হয়েছে।
আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রাকিবুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত তিন আসামিকে শনিবার বিচারিক আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতায় ট্যাপেন্টাডলসহ তিনজন গ্রেপ্তারের ঘটনায় এলাকায় মাদক নিয়ন্ত্রণে পুলিশের তৎপরতা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। স্থানীয়দের প্রত্যাশা, মাদকবিরোধী অভিযান আরও জোরদার হলে মাদকের বিস্তার নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখবে।

