
সারা দেশে হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও আট শিশুর মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কোনো মৃত্যুর তথ্য পাওয়া যায়নি। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে ৩ অক্টোবর পর্যন্ত নিশ্চিত হাম ও হাম উপসর্গে মোট ১ হাজার ১২২ শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে সন্দেহজনক হামরোগীর সংখ্যা ১ হাজার ১০৯ জন। আর গত ১৫ মার্চ থেকে ৩ অক্টোবর পর্যন্ত সন্দেহজনক হামরোগীর মোট সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৯৫ হাজার ১৯৭ জন।
এদিকে গত ২৪ ঘণ্টায় নতুন করে নিশ্চিত হামরোগী শনাক্ত হয়েছেন ৪৩ জন। গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে নিশ্চিত হামরোগীর সংখ্যা ২১ হাজার ৬৬৬ জন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ১ অক্টোবর পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৭৩ হাজার ২৪ জন। একই সময়ে চিকিৎসা শেষে হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৬৭ হাজার ৭৫৬ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যানে নিশ্চিত হাম এবং হামের উপসর্গ নিয়ে আক্রান্ত ও মৃত্যুর তথ্য আলাদাভাবে উল্লেখ করা হয়েছে। ফলে হামের উপসর্গে মৃত্যু হওয়া সব শিশুর মৃত্যুকে নিশ্চিত হামজনিত মৃত্যু হিসেবে গণ্য করা হয়নি। দেশজুড়ে সন্দেহজনক হামরোগীর সংখ্যা বাড়তে থাকায় আক্রান্তদের দ্রুত শনাক্ত করে চিকিৎসার আওতায় আনার ওপর গুরুত্ব দিচ্ছে স্বাস্থ্য কর্তৃপক্ষ।

