
মাসুদুর রহমান, দিনাজপুর জেলা প্রতিনিধি:
জাতীয় বিশ্ববিদ্যালয় আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬-এর উদ্বোধন এবং দিনাজপুর বিকেএসপি ও যুব উন্নয়ন অধিদপ্তর পরিদর্শন করেছেন অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
শনিবার সকাল ৯টায় দিনাজপুর সরকারি কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয় আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ আমিনুল হক ও দিনাজপুর সদর-৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ। এ সময় জাতীয় বিশ্ববিদ্যালয় ও রংপুর বিভাগের বিভিন্ন পর্যায়ের শিক্ষক, কর্মকর্তা, ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তি এবং অংশগ্রহণকারী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের আয়োজনে এবং দিনাজপুর সরকারি কলেজের বাস্তবায়নে অনুষ্ঠিত এ ক্রীড়া প্রতিযোগিতায় বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করছেন। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব তুলে ধরেন। নিয়মিত ক্রীড়া চর্চার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্বের গুণাবলি ও পারস্পরিক সৌহার্দ্য গড়ে ওঠে বলেও তারা উল্লেখ করেন।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন দিনাজপুর বিকেএসপি পরিদর্শন করেন। সেখানে তিনি কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন। সভায় সংশ্লিষ্টদের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় এবং কর্মকর্তা-কর্মচারীরা তাদের মতামত ও অভিজ্ঞতা তুলে ধরেন।
পরে দুপুরে তিনি দিনাজপুর যুব উন্নয়ন অধিদপ্তর পরিদর্শন করেন এবং কর্মকর্তা-কর্মচারী ও যুবদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন। মতবিনিময় সভায় যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন কার্যক্রম, যুবদের দক্ষতা উন্নয়ন, প্রশিক্ষণ ও কর্মসংস্থানসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। এ সময় কর্মকর্তা-কর্মচারী, প্রশিক্ষক এবং বিভিন্ন পর্যায়ের যুব প্রতিনিধিরা তাদের মতামত ও অভিজ্ঞতা তুলে ধরেন।

