
সিনিয়র স্টাফ রিপোর্টার, চুয়াডাঙ্গা:
চুয়াডাঙ্গা সদর উপজেলার পৌর কলেজ রোড এলাকায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অবৈধভাবে গ্যাস বিক্রির দায়ে একটি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে ব্যবসা পরিচালনার ক্ষেত্রে প্রয়োজনীয় লাইসেন্স হালনাগাদ এবং অবৈধভাবে গ্যাস মজুত না করার জন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।
শনিবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত পৌর কলেজ রোড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিভিন্ন গ্যাস ও খাদ্যপণ্যের দোকানে তদারকি করা হয়।
অভিযান চলাকালে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় অবৈধভাবে গ্যাস বিক্রির অপরাধে মোহাম্মদ মুক্তাজুর রহমান মল্লিকের প্রতিষ্ঠান মেসার্স মল্লিক গ্যাস ঘরকে প্রশাসনিক ব্যবস্থায় ৩০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
এ সময় প্রতিষ্ঠানটির মালিককে দ্রুততম সময়ের মধ্যে প্রয়োজনীয় লাইসেন্স হালনাগাদ করে বৈধভাবে ব্যবসা পরিচালনার নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি অবৈধভাবে গ্যাস মজুত না করার জন্যও সতর্ক করা হয়।
অভিযানে বাজারের অন্যান্য ব্যবসায়ীদের নির্ধারিত ও যৌক্তিক মূল্যে পণ্যসামগ্রী ক্রয়-বিক্রয়, পণ্যের মেয়াদ যাচাই এবং মানহীন, মেয়াদোত্তীর্ণ বা নিষিদ্ধ কোনো পণ্য, ঔষধ ও শিশুখাদ্য বিক্রি না করার বিষয়ে নির্দেশনা দেওয়া হয়।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান। অভিযানে সার্বিক সহযোগিতা করেন ক্যাব প্রতিনিধি মোহাম্মদ রফিকুল ইসলাম ও জেলা পুলিশের একটি দল। ভোক্তাদের স্বার্থ সুরক্ষা, বাজারে ন্যায্যমূল্য নিশ্চিত করা এবং অবৈধ ব্যবসা নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

