নান্দাইলে ব্র্যাকের উদ্যোগে দরিদ্র নারীদের মাঝে বিনামূল্যে মুরগির বাচ্চা বিতরণ ও প্রশিক্ষণ
- আপডেট সময় : ০৪:৩২:০৯ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬ ১১৮ বার পড়া হয়েছে
ময়মনসিংহের নান্দাইল উপজেলায় দরিদ্র নারীদের আত্মকর্মসংস্থান ও আর্থিকভাবে স্বাবলম্বী করে তুলতে ব্র্যাকের উদ্যোগে বিনামূল্যে দেশি জাতের সোনালী টাইগার মুরগির বাচ্চা বিতরণ ও প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
গত বৃহস্পতিবার (১১ জুন) সকাল ১১টায় নান্দাইল ব্র্যাক এরিয়া অফিস ও কানারামপুর শাখা অফিসের আয়োজনে ১৭ জন অসচ্ছল নারীর প্রত্যেককে ২০টি করে দেশি জাতের সোনালী টাইগার মুরগির বাচ্চা বিনামূল্যে বিতরণ করা হয়। একই সঙ্গে তাদের মুরগি পালন, পরিচর্যা ও রোগ প্রতিরোধ বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/13/দোয়ারাবাজারে-১০-দিন-ধরে/
অনুষ্ঠানে নান্দাইল এরিয়া অফিসের শাখা ব্যবস্থাপক শাহাদাত রাব্বানীর সভাপতিত্বে এবং কামরুজ্জামান (এসএসএফ)-এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ব্র্যাকের এলাকা ব্যবস্থাপক (দাবি) মো. মাহবুবুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. মসিউর রহমান (বিসিএস প্রাণিসম্পদ)। এছাড়াও বক্তব্য দেন এলাকা ব্যবস্থাপক (প্রগতি) মো. জহুরুল ইসলাম, সহকারী ব্যবস্থাপক (দাবি) ফারজানা আক্তার, উপজেলা হিসাব ব্যবস্থাপক পল্লব কুমার ঘোষ এবং ইওআরও ময়মনসিংহের রুহুল আমিন।
প্রশিক্ষণ কার্যক্রমে ডা. মসিউর রহমান বলেন, “মুরগির বাচ্চা কীভাবে সঠিকভাবে লালন-পালন করতে হবে, রোগ দেখা দিলে কী ধরনের টিকা ও চিকিৎসা প্রয়োজন—এসব বিষয়ে অংশগ্রহণকারীদের বিস্তারিতভাবে অবহিত করা হয়েছে। এ ধরনের উদ্যোগ দরিদ্র পরিবারগুলোর আয় বৃদ্ধি এবং নারীদের অর্থনৈতিক ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/13/৫-বছরে-২৫-কোটি-বৃক্ষরোপণ-ক/
প্রধান অতিথি মো. মাহবুবুর রহমান বলেন, “ব্র্যাক নান্দাইল উপজেলার বিভিন্ন ইউনিয়নে নিয়মিত সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় আজ ১৭ জন দরিদ্র নারীর মাঝে মুরগির বাচ্চা বিতরণ করা হয়েছে। প্রশিক্ষণের পাশাপাশি তাদের খাবার ও যাতায়াত ভাতার ব্যবস্থাও করা হয়েছে। আমাদের লক্ষ্য হলো প্রতিটি পরিবারকে স্বাবলম্বী করে তোলা এবং সমাজে নারীদের মর্যাদা ও অংশগ্রহণ নিশ্চিত করা।”
তিনি আরও জানান, নান্দাইল উপজেলায় ব্র্যাকের চারটি শাখা অফিসের মাধ্যমে বিভিন্ন উন্নয়নমূলক ও মানবিক কার্যক্রম পরিচালিত হচ্ছে। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তারা দরিদ্র নারীদের জীবনমান উন্নয়নে ব্র্যাকের এ উদ্যোগকে সাধুবাদ জানান এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।




















