যৌতুকলোভী স্বামীর নৃশংসতা: মেয়েকে জিম্মি করে স্ত্রীকে পিটিয়ে বাড়িছাড়া, নতুন বিয়ের হুমকি!
- আপডেট সময় : ১২:৪২:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬ ৫১ বার পড়া হয়েছে
সাতক্ষীরায় যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতন, ১০ বছরের শিশু কন্যাকে ছিনিয়ে নিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া এবং তালাক দিয়ে পুনরায় বিয়ের হুমকির অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। ভুক্তভোগী গৃহবধূ সেলিনা খাতুন স্বামী মামুন হোসেনের বিরুদ্ধে সাতক্ষীরা সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। লাবসা খালকুলপাড়ার সামাদ আলীর মেয়ে সেলিনা খাতুনের অভিযোগ, প্রায় ১৬ বছর আগে ব্রহ্মরাজপুর বৈরাগীপাড়ার মোশারাফ হোসেনের ছেলে মামুন হোসেনের সাথে তার বিয়ে হয়। দাম্পত্য জীবনে তাদের ঘরে ইশা মনি নামে এক কন্যা সন্তানের জন্ম হয়।
কিন্তু বিয়ের পর থেকেই শুরু হয় অমানুষিক নির্যাতন। সেলিনা খাতুনের ভাষ্য, বিবাদী আমাকে ঠিকমত দেখে না, ভরণপোষণ দেয় না। উল্টো যৌতুকের দাবিতে দিনের পর দিন শারীরিক ও মানসিক নির্যাতন চালাত। অভিযোগে সেলিনা জানান, প্রায় ৩ মাস আগে মামুন হোসেন তাকে বেধড়ক মারপিট করে তার কোল থেকে ১০ বছরের শিশু কন্যা ইশাকে কেড়ে নেয়। এরপর তাকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। সেই থেকে বাধ্য হয়ে তিনি বাবার বাড়িতে আশ্রয় নিয়েছেন। এই তিন মাসে মামুন একবারও তার বা স্ত্রীর খোঁজ নেয়নি, এমনকি মেয়েকেও মায়ের সাথে দেখা করতে দেয়নি।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/05/01/নীলফামারীতে-দেশ-রূপান্তর/
বিষয়টি পারিবারিকভাবে মীমাংসার চেষ্টা করা হলেও মামুন হোসেন কোনো আপোষ মানেনি। সর্বশেষ গত ২৫ এপ্রিল ২০২৬, সকাল ১০টার দিকে সেলিনা খাতুন স্বামীর বাড়িতে গিয়ে নিজের ও মেয়ের খোঁজখবর নিতে চাইলে মামুন ক্ষিপ্ত হয়ে ওঠে। আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। মারধর করতে তেড়ে আসে। সাফ জানিয়ে দেয়, আমার সাথে আর সংসার করবে না। আমাকে তালাক দিয়ে সে আবার বিয়ে করবে। এরপর আবারও বাড়ি থেকে বের করে দেয়, কান্নাজড়িত কণ্ঠে বলেন সেলিনা। ঘটনার সময় ধুলিহরের ফরহাদ আলীর ছেলে শাহজাহান ও লাবসার শাহিনুর ইসলামের স্ত্রী পাপিয়া সুলতানাসহ এলাকার আরও অনেকে উপস্থিত ছিলেন। তারা ঘটনা দেখেছেন ও শুনেছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/05/01/চলাচলের-পথে-বাধা-দোয়ারা/
সেলিনা খাতুন জানান, সম্মানের ভয়ে ও সংসার টেকানোর আশায় তিনি এতদিন পারিবারিকভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা করেছেন। কিন্তু মামুন কোনোভাবেই রাজি না হওয়ায় এবং ক্রমাগত হুমকি দিতে থাকায় বাধ্য হয়ে তিনি আইনের আশ্রয় নিয়েছেন। এ কারণেই থানায় অভিযোগ করতে কিছুটা বিলম্ব হয়েছে। ভুক্তভোগী সেলিনা খাতুন অবিলম্বে অভিযুক্ত মামুন হোসেনকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। একই সাথে তার শিশু কন্যাকে উদ্ধার করে মায়ের কোলে ফিরিয়ে দেওয়ার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। এ বিষয়ে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে জানতে অভিযুক্ত মামুন হোসেনের সাথে কথা হলে তিনি এ প্রতিবেদক কে বলেন, সব সংসারে তো অশান্তি আছে তাই বলে সে আমার নামে অভিযোগ করবে থানায়? আমি চাইনা আমার সংসার নষ্ট হোক।




















