সাবেক প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহাকে শেষ শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ১২:৪৪:০৮ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬ ৬৯ বার পড়া হয়েছে
সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী ও দেশের অন্যতম ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান একমি ল্যাবরেটরিজ লিমিটেড অ্যান্ড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান সিনহার জানাজা অনুষ্ঠিত হয়েছে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়।
রবিবার বেলা সাড়ে ১১টার দিকে অনুষ্ঠিত এ জানাজায় ইমামতি করেন জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র পেশ ইমাম আবু রায়হান। জানাজায় অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান, জাতীয় সংসদের স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন বীর বিক্রম, ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সরকারের বিভিন্ন পর্যায়ের নেতারা।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/05/16/আজ-বিক্রি-শুরু-২৬-মের-ঈদয/
জানাজা শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মরহুমের প্রতি শ্রদ্ধা জানান। পরে অন্যান্য নেতারাও শ্রদ্ধা নিবেদন করেন এবং তার রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, গত শুক্রবার রাতে সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মিজানুর রহমান সিনহা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।
রাজনীতিতে তিনি ছিলেন বিএনপির একজন গুরুত্বপূর্ণ নেতা। মুন্সিগঞ্জ-২ আসন থেকে ১৯৯৬ ও ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। পরে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/05/17/ওবায়দুল-কাদেরসহ-সাত-নেত/
রাজনীতির পাশাপাশি শিল্পখাতেও গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন তিনি। দীর্ঘদিন একমি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন এবং কেন্দ্রীয় বিএনপির কোষাধ্যক্ষ হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তার মৃত্যুতে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।


























