কালীগঞ্জে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার, গলায় ও মুখে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন
- আপডেট সময় : ০২:৪১:৩২ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬ ৫৪ বার পড়া হয়েছে
গাজীপুরের কালীগঞ্জে সাইফুল ইসলাম (৫০) নামে এক ব্যক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের মুখমণ্ডল ও গলায় ধারালো অস্ত্রের গভীর আঘাতের চিহ্ন থাকায় ঘটনাটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে।
মঙ্গলবার (২ জুন) সকালে উপজেলার তুমলিয়া ইউনিয়নের সোম নতুন বাজারের উত্তর পাশে গোরস্থান সংলগ্ন বেঁড়িবাঁধ সড়কের পাশে টায়ার ফ্যাক্টরি এলাকার নিকট থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত সাইফুল ইসলাম একই ইউনিয়নের অলুয়া গ্রামের মৃত আলফাজ উদ্দিনের ছেলে।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/03/আলমডাঙ্গায়-বিশেষ-চাহিদা/
স্থানীয় সূত্রে জানা যায়, সাইফুল ইসলাম বিভিন্ন জেলায় শ্রমিক হিসেবে কাজ করতেন। সোমবার দুপুরে তিনি বাড়িতে ফেরেন। পরদিন সকালে স্থানীয়রা রাস্তার পাশে তার রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরে কালীগঞ্জ থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
পুলিশ জানায়, নিহতের মুখের ডান পাশে এবং গলায় ধারালো অস্ত্রের গভীর ক্ষতচিহ্ন রয়েছে। ঘটনাস্থলের পরিস্থিতি ও আঘাতের ধরন দেখে ধারণা করা হচ্ছে, তাকে অন্য কোথাও হত্যা করে মরদেহ নির্জন স্থানে ফেলে রাখা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য উত্তর সোম গ্রামের সাবেক ওয়ার্ড সদস্য আরমান হোসেন রাজ এবং টিওরী গ্রামের সরজ নামে দুইজনকে আটক করেছে পুলিশ। সংবাদ লেখা পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা দায়ের হয়নি।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/03/অগ্রিম-স্বাক্ষরের-অভিযোগ/
মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন বলেন, “মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার রহস্য উদ্ঘাটন ও জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”




















