দুই হত্যা মামলায় সাবেক মন্ত্রী দীপু মনির জামিন নামঞ্জুর
- আপডেট সময় : ০৭:২৩:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ৩৫ বার পড়া হয়েছে
জুলাই আন্দোলনের সময় রাজধানীর শাহবাগ ও পল্টন এলাকায় সংঘটিত পৃথক দুই হত্যা মামলায় সাবেক সমাজকল্যাণমন্ত্রী ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার (১৬ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশরাফুল হকের আদালতে তার পক্ষে আইনজীবী রাশিদা আক্তার জুঁথি জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত আবেদনটি খারিজ করে দেন। বিষয়টি নিশ্চিত করেছেন প্রসিকিউশন বিভাগের এসআই শাহ আলম।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/16/পদ্মা-রেলসেতুর-পিলার-থেক/
মামলার বিবরণে জানা যায়, আওয়ামী লীগ সরকারের পতনের দিন ২০২৪ সালের ৫ আগস্ট রাজধানীর শাহবাগ থানার চানখারপুল এলাকায় ছাত্র-জনতার আন্দোলনে অংশ নেন ঝুট ব্যবসায়ী মো. মনির। অভিযোগ অনুযায়ী, আন্দোলন চলাকালে আসামিদের ছোড়া গুলিতে ঘটনাস্থলেই নিহত হন তিনি।
এ ঘটনায় নিহতের স্ত্রী রোজিনা আক্তার গত ১৪ মার্চ শাহবাগ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় ৩৫১ জনকে এজাহারভুক্ত এবং আরও ৫০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। অন্যদিকে, ২০২৪ সালের ৪ আগস্ট রাজধানীর পল্টনের তোপখানা এলাকায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন রিয়াজুল তালুকদার। এ ঘটনায় তার সহকর্মী বিল্লাল হোসেন গত বছরের ১২ সেপ্টেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৬৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/16/বাজারে-স্বস্তি-কমেছে-আদা/
এই দুই মামলাতেই আসামি হিসেবে সাবেক মন্ত্রী দীপু মনির নাম অন্তর্ভুক্ত রয়েছে। মামলাগুলোর তদন্ত ও বিচারিক কার্যক্রম চলমান রয়েছে। জামিন আবেদন নামঞ্জুর হওয়ায় আপাতত এসব মামলায় তাকে কারাগারেই থাকতে হবে।

























