সুপ্রিম কোর্টের স্বাধীন সচিবালয় ইস্যু: আপিল শুনানি ১ সেপ্টেম্বর পর্যন্ত মুলতবি
- আপডেট সময় : ০২:৫৩:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ৩৩ বার পড়া হয়েছে
সুপ্রিম কোর্টের জন্য পৃথক ও স্বাধীন সচিবালয় গঠনের নির্দেশনা দিয়ে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে করা আপিলের শুনানি আগামী ১ সেপ্টেম্বর পর্যন্ত মুলতবি করেছেন আপিল বিভাগ। মঙ্গলবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ রাষ্ট্রপক্ষের আবেদনের পর এ আদেশ দেন। এর আগে গত ৯ জুন একই বিষয়ে হাইকোর্টের রায় স্থগিত করেছিলেন আপিল বিভাগ।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/16/জেলা-সাংগঠনিক-বৈঠকে-জামা/
উল্লেখ্য, গত ৭ এপ্রিল প্রকাশিত ১৮৫ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায়ে হাইকোর্ট অধস্তন আদালতের দায়িত্ব পালনরত ম্যাজিস্ট্রেটদের নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা বিধানের বিষয়ে সংবিধানের ১১৬ অনুচ্ছেদের বিদ্যমান ব্যাখ্যাকে বাতিল ঘোষণা করেন। রায়ে বলা হয়, ম্যাজিস্ট্রেটদের কর্মস্থল নির্ধারণ, পদোন্নতি, ছুটি মঞ্জুর ও শৃঙ্খলা বিধানের ক্ষমতা রাষ্ট্রপতির পরিবর্তে সুপ্রিম কোর্টের অধীনে থাকা উচিত। একইসঙ্গে ২০১৭ সালে প্রণীত বিচারিক সার্ভিসের শৃঙ্খলাবিধিও বাতিল করা হয়।
হাইকোর্টের মতে, বিচার বিভাগের ওপর নির্বাহী বিভাগের প্রভাব বিচার বিভাগের স্বাধীনতাকে ক্ষুণ্ন করতে পারে। তাই বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করতে পৃথক সচিবালয় প্রতিষ্ঠা প্রয়োজন। এই রায়ের বিরুদ্ধে গত ২১ মে আপিল করে রাষ্ট্রপক্ষ। এরপর আপিল বিভাগ রায় স্থগিত করে বিষয়টি শুনানির জন্য গ্রহণ করে।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/16/রাষ্ট্রবিরোধী-কর্মকাণ্ড/
উল্লেখ্য, ২০২৪ সালের আগস্টে সুপ্রিম কোর্টের সাতজন আইনজীবী সংবিধানের ১১৬ অনুচ্ছেদের বৈধতা চ্যালেঞ্জ করে এবং বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় প্রতিষ্ঠার নির্দেশনা চেয়ে রিট দায়ের করেন। পরে হাইকোর্ট রুল জারি করে এবং দীর্ঘ শুনানি শেষে এ রায় প্রদান করে। এখন বিচার বিভাগের স্বাধীনতা ও সাংবিধানিক ক্ষমতার ভারসাম্য নিয়ে বহুল আলোচিত এই মামলার পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে আগামী ১ সেপ্টেম্বর।

























