রাজধানীতে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা
- আপডেট সময় : ০২:২০:৩১ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬ ৫৫ বার পড়া হয়েছে
ফুটবল বিশ্বকাপকে ঘিরে বিশ্বজুড়ে উন্মাদনার প্রভাব পড়েছে বাংলাদেশেও। বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার প্রতি ভালোবাসা ও সমর্থন জানাতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য “বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা সমর্থক শোভাযাত্রা”।মঙ্গলবার বিকেলে শাহবাগ থেকে শোভাযাত্রাটি শুরু হয়। পরে এটি সায়েন্সল্যাব মোড় হয়ে রবীন্দ্র সরোবর এলাকায় গিয়ে শেষ হয়। পুরো শোভাযাত্রাজুড়ে আকাশি-সাদা রঙের পতাকা, রঙিন বেলুন এবং বাংলাদেশ ও আর্জেন্টিনার জাতীয় পতাকা হাতে অংশ নেন সমর্থকরা।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/16/ডিএসসিসিতে-শুদ্ধি-অভিযান/
শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা বিশ্বকাপের থিম সংগীতের তালে নেচে-গেয়ে উৎসবমুখর পরিবেশ তৈরি করেন। এতে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কগুলো কিছু সময়ের জন্য রূপ নেয় এক ভিন্ন ধরনের ফুটবল উৎসবে। বাংলাদেশে অবস্থানরত আর্জেন্টিনা দলের অসংখ্য ভক্ত-সমর্থকের উদ্যোগে আয়োজিত এই শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক ও বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম।
এ সময় আরও উপস্থিত ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক আর্জেন্টিনা সমর্থক। অনুষ্ঠানে আব্দুস সালাম বলেন, বাংলাদেশের ফুটবলপ্রেমীরা আর্জেন্টিনাকে হৃদয় দিয়ে সমর্থন করেন, আজকের বিপুল উপস্থিতি তারই প্রমাণ। তিনি বলেন, ফুটবল প্রতিদ্বন্দ্বিতার হলেও তা হওয়া উচিত সম্প্রীতি ও সৌহার্দ্যের প্রতীক।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/17/কোটালীপাড়ায়-আর্জেন্টি/
শোভাযাত্রায় শিশু, কিশোর, তরুণ ও প্রবীণ—সব বয়সী মানুষের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। আকাশি-সাদা জার্সি ও পতাকায় সজ্জিত সমর্থকদের উপস্থিতিতে রাজধানীর সড়কে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। সব মিলিয়ে আর্জেন্টিনার প্রতি বাংলাদেশের সমর্থকদের আবেগ ও ভালোবাসার আরেকটি রঙিন বহিঃপ্রকাশ দেখা গেল রাজধানীর এই শোভাযাত্রায়।




















