খেলাধুলা হবে পাঠ্যক্রমের অংশ, জানালেন তারেক রহমান
- আপডেট সময় : ১২:৩৯:০০ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬ ২৯ বার পড়া হয়েছে
জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট দুই হাজার ছাব্বিশ উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি বলেন, আত্মবিশ্বাসী, দক্ষ ও মানবিক প্রজন্ম গড়ে তুলতে পাঠ্যবিষয়ের পাশাপাশি খেলাধুলা, সংস্কৃতি ও সৃজনশীল কর্মকাণ্ডের গুরুত্ব অপরিসীম।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/18/বিশ্ব-মানবিক-সংকট-মোকাবি/
প্রধানমন্ত্রী জানান, সরকারের ‘সবার আগে বাংলাদেশ’ শীর্ষক নির্বাচনি ইশতেহারের অংশ হিসেবে শিক্ষাব্যবস্থাকে আরও আধুনিক ও সময়োপযোগী করার উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে চতুর্থ শ্রেণি থেকে উচ্চমাধ্যমিক পর্যায় পর্যন্ত ধাপে ধাপে ফুটবল, ক্রিকেট, দাবা, কারাতে ও সাঁতারকে পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে।
তিনি বলেন, শুধু তাত্ত্বিক নয়, ব্যবহারিক ক্লাস ও মূল্যায়নের মাধ্যমেও শিক্ষার্থীদের খেলাধুলায় অংশগ্রহণ নিশ্চিত করা হবে। এতে মাদকাসক্তি ও মোবাইল ফোন আসক্তির মতো সামাজিক সমস্যা মোকাবিলা সহজ হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। প্রধানমন্ত্রী আরও জানান, প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এ দেশের ৬৫ হাজার ৫৬৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ৯৯ লাখ ৪৯ হাজার শিক্ষার্থী অংশগ্রহণের সুযোগ পেয়েছে।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/18/এসএসএফের-প্রতিষ্ঠাবার্ষ/
তার ভাষ্য অনুযায়ী, এ বছর সারা দেশে বালক ও বালিকা দল মিলিয়ে এক লাখ ২৩ হাজার ৯৭৪টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। অংশগ্রহণ ও ব্যাপ্তির দিক থেকে এই টুর্নামেন্টকে বিশ্বের সবচেয়ে বড় ফুটবল প্রতিযোগিতা হিসেবে উল্লেখ করেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার শিক্ষার্থীদের শারীরিক, মানসিক ও মননশীল বিকাশে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে বিশেষ গুরুত্ব দিচ্ছে। এর ইতিবাচক ফল ইতোমধ্যে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দেখা যাচ্ছে।
সবশেষে তিনি আশা প্রকাশ করেন, এই টুর্নামেন্টে অংশ নেওয়া শিক্ষার্থীরাই একদিন দেশের উজ্জ্বল মুখ হয়ে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সুনাম বয়ে আনবে। তিনি টুর্নামেন্টের সার্বিক সাফল্য কামনা করেন।






















