৬৫ সেকেন্ডের গোলেই কুপোকাত তুরস্ক
- আপডেট সময় : ০৩:৩১:৩৭ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬ ৩১ বার পড়া হয়েছে
বিশ্বকাপে টিকে থাকার লড়াইয়ে সুযোগের পর সুযোগ তৈরি করেও গোলের দেখা পেল না তুরস্ক। ম্যাচের শুরুতেই হজম করা একমাত্র গোল আর দ্বিতীয়ার্ধজুড়ে একজন বেশি খেলোয়াড় নিয়ে খেলার সুবিধা কাজে লাগাতে না পারার খেসারত দিয়ে টানা দ্বিতীয় পরাজয়ে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিশ্চিত করেছে ইউরোপের দলটি।
শনিবার স্যান ফ্রান্সিসকোয় অনুষ্ঠিত ম্যাচে প্যারাগুয়ের কাছে ১-০ গোলে হেরে যায় তুরস্ক। ম্যাচের একমাত্র গোলটি আসে খেলা শুরুর মাত্র ৬৫ সেকেন্ডের মাথায়। ডি-বক্সের বাইরে থেকে মাতিয়াস গালারসার দুর্দান্ত শটে এগিয়ে যায় প্যারাগুয়ে। বিশ্বকাপে এটি প্যারাগুয়ের দ্বিতীয় দ্রুততম গোল। শুরুর ধাক্কা সামলে সমতায় ফেরার জন্য মরিয়া হয়ে ওঠে তুরস্ক। তবে প্রথমার্ধে একাধিক সুযোগ তৈরি করেও গোল করতে পারেনি তারা।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/17/২৪-বছর-পর-বিশ্বকাপে-ফ্রান/
৩৫তম মিনিটে হাকান চালহানোলুর ফ্রি-কিক থেকে মের্ত মুলদুরের হেড ক্রসবারে লেগে ফিরে আসে। এরপরও কয়েকটি সুযোগ এলেও ব্যর্থ হয় তুরস্কের আক্রমণভাগ। প্রথমার্ধের যোগ করা সময়ে ম্যাচে নাটকীয়তা যোগ হয়। ভিডিও রিভিউ দেখে প্যারাগুয়ের মিগেল আলমিরনকে সরাসরি লাল কার্ড দেখান রেফারি। ফলে পুরো দ্বিতীয়ার্ধ ১০ জনের দল নিয়ে খেলতে হয় প্যারাগুয়েকে।
কিন্তু সংখ্যাগত সুবিধা পেয়েও গোল আদায় করতে পারেনি তুরস্ক। হাকান চালহানোলু, মেরিহ দেমিরাল, আর্দা গুলের, দেনিস গুল ও চান উজুন একের পর এক সুযোগ নষ্ট করেন। শেষ মুহূর্তেও সমতায় ফেরার সুবর্ণ সুযোগ হাতছাড়া করে ইউরোপিয়ান দলটি। অন্যদিকে ১০ জন নিয়েও দুর্দান্ত রক্ষণ সামলে গুরুত্বপূর্ণ জয় তুলে নেয় প্যারাগুয়ে। এই জয়ে শেষ ষোলোতে ওঠার আশা জিইয়ে রাখল লাতিন আমেরিকার প্রতিনিধিরা।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/16/বিশ্বকাপে-ব্রাজিলের-আরও/
দুই ম্যাচ শেষে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। অস্ট্রেলিয়া ও প্যারাগুয়ের সংগ্রহ ৩ পয়েন্ট করে। আর টানা দুই হারে কোনো পয়েন্ট না পাওয়া তুরস্কের বিশ্বকাপ অভিযান শেষ হয়ে গেছে গ্রুপ পর্বেই। এখন শেষ ম্যাচে যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে তুরস্ক। আর নকআউট পর্বে জায়গা নিশ্চিত করতে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে প্যারাগুয়ে।

























