গণভোটের রায় বাস্তবায়ন না হলে সংকটে পড়বে দেশ: শিশির মনির
- আপডেট সময় : ০৪:০৪:৫৯ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬ ৮০ বার পড়া হয়েছে
সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির জনগণের দেওয়া গণভোটের ফলাফল মেনে অবিলম্বে সংবিধান সংস্কার সভার অধিবেশন ডাকার জোর দাবি জানিয়েছেন। সোমবার (১৩ এপ্রিল) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত এক জাতীয় সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপনকালে তিনি এ কথা বলেন।
‘গণভোটের রায়ের বিরুদ্ধে সরকার: সংকটের মুখোমুখি দেশ’ শীর্ষক এই সেমিনারে শিশির মনির সতর্ক করে বলেন, গণভোটের রায় বাস্তবায়ন না হলে দেশ নতুন ধরনের সাংবিধানিক জটিলতা ও আস্থার সংকটে পড়তে পারে। তিনি ব্যাখ্যা করেন, গণভোটের ফল অনুযায়ী ১৮০ দিনের জন্য সংবিধান সংস্কার সভার অধিবেশন ডাকতে হবে। পাশাপাশি সংসদকে উচ্চকক্ষ ও নিম্নকক্ষে বিভক্ত করার প্রস্তাবও তুলে ধরেন তিনি। প্রস্তাবিত উচ্চকক্ষ ১০০ সদস্যের হবে এবং রাজনৈতিক দলগুলো তাদের ভোটের অনুপাতে প্রতিনিধিত্ব পাবে।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/04/09/৩২-বছর-বয়সে-না-ফেরার-দেশে/
শিশির মনির জানান, তিনি সুইজারল্যান্ড থেকে শ্রীলঙ্কা পর্যন্ত ২৬টি দেশের উদাহরণ পর্যালোচনা করেছেন এবং কোথাও গণভোটের রায় অগ্রাহ্য করার নজির নেই। তিনি আরও বলেন, কোনো বিপ্লব বা গণঅভ্যুত্থান সংবিধানের ভেতরে থেকে হয় না; বরং এটি সংবিধানের বাইরের প্রক্রিয়া। রাজনৈতিক সমস্যার সমাধান আদালতে খোঁজার প্রবণতারও সমালোচনা করেন তিনি। আগামী ১৯ এপ্রিল আদালত খোলার পর এ বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে বলে আশা প্রকাশ করেন এই আইনজীবী। তিনি বলেন, বিচার বিভাগ যদি দৃঢ় অবস্থান নেয়, তবে জনগণের রায়ের পক্ষে রায় দেওয়া উচিত। সেমিনারে সভাপতিত্ব করেন মামুনুল হক। প্রধান অতিথি ছিলেন ডা. শফিকুর রহমান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাহিদ ইসলাম।


























