৩৩ বছর পর ফিরছে ‘খলনায়ক’, বাল্লু চরিত্রে নতুন রূপে সঞ্জয় দত্ত
- আপডেট সময় : ০৫:০২:২৮ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬ ৫৬ বার পড়া হয়েছে
প্রায় তিন দশক পর আবারও ফিরছে বলিউডের জনপ্রিয় সিনেমা খলনায়ক-এর সিক্যুয়েল ‘খলনায়ক রিটার্নস’। নতুন এই ছবিতে আবারও বাল্লু বলরাম চরিত্রে দেখা যাবে সঞ্জয় দত্ত-কে, তবে এবার তিনি আরও কঠোর ও রুক্ষ রূপে হাজির হচ্ছেন।
সম্প্রতি নিজের সামাজিক মাধ্যমে ছবিটির টিজার প্রকাশ করেছেন সঞ্জয় দত্ত। সেখানে ক্লান্ত কিন্তু ভয়ংকর এক বাল্লুর ঝলক দর্শকদের মধ্যে নতুন করে উত্তেজনা তৈরি করেছে। টিজারে পুরনো সেই বিখ্যাত সংলাপ—‘নায়ক নেহি, খলনায়ক হুঁ ম্যায়’—নতুন আবহে ফিরে এসেছে, যা ভক্তদের মধ্যে নস্টালজিয়া জাগিয়ে তুলেছে।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/04/25/রুনা-লায়লা-ও-বাপ্পা-মজুম/
এই সিক্যুয়েলের গল্পের পেছনেও রয়েছে বিশেষ প্রেক্ষাপট। সঞ্জয় দত্ত জানিয়েছেন, তার জেল জীবনের সময়ই এই নতুন কাহিনির ভাবনা আসে, যা পরে তিনি শেয়ার করেন প্রথম ছবির পরিচালক সুভাষ ঘাই-এর সঙ্গে। পরিচালক জানিয়েছেন, ছবির চিত্রনাট্য প্রায় প্রস্তুত, তবে অন্যান্য অভিনয়শিল্পী এখনও চূড়ান্ত হয়নি।
১৯৯৩ সালে মুক্তিপ্রাপ্ত মূল ছবিতে সঞ্জয় দত্তের পাশাপাশি অভিনয় করেছিলেন জ্যাকি শ্রফ ও মাধুরী দীক্ষিত। পুরনো জনপ্রিয়তা আর নতুন গল্পের সংমিশ্রণে ‘খলনায়ক রিটার্নস’ নিয়ে দর্শকদের প্রত্যাশা এখন তুঙ্গে।


























