ব্রাজিল-আর্জেন্টিনা ভিন্ন সমর্থন, তবু ভালোবাসায় এক খুশি-বৃন্দাবন
- আপডেট সময় : ০৫:৩৩:০১ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬ ২৮ বার পড়া হয়েছে
ফুটবল বিশ্বকাপ মানেই সমর্থকদের উন্মাদনা, আবেগ আর প্রিয় দলকে ঘিরে নানা আলোচনা। তবে সেই আবেগের মাঝেও পারস্পরিক শ্রদ্ধা ও ভালোবাসার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন জনপ্রিয় অভিনয়শিল্পী দম্পতি শাহনাজ খুশি ও বৃন্দাবন দাস।
হাইতির বিপক্ষে ব্রাজিলের ৩-০ গোলের দাপুটে জয়ের পর দেশের অনেক তারকার মতো আনন্দ প্রকাশ করেন বৃন্দাবন দাসও। দীর্ঘদিন ধরেই তিনি ব্রাজিলের সমর্থক। অন্যদিকে তার স্ত্রী শাহনাজ খুশি আর্জেন্টিনা দলের সমর্থক হিসেবে পরিচিত। ব্রাজিলের জয়ের পর নিজের ফেসবুক অ্যাকাউন্টে স্বামী বৃন্দাবন দাসের ব্রাজিল জার্সি পরা একটি ছবি শেয়ার করেন শাহনাজ খুশি। ছবির সঙ্গে দেওয়া ক্যাপশনে তিনি লেখেন, ‘আমরা দুজন দুই দলের সমর্থক হলেও কখনো খারাপ বাক্যবিনিময় হয়নি। কারণ আমরা খেলাটার ভক্ত।’
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/18/স্ত্রীর-মৃত্যুর-মামলায়/
খুশি আরও জানান, বৃন্দাবন দাসের প্রথম প্রেম ফুটবল। তিনি শুধু ব্রাজিল নয়, যে দেশেরই খেলা হোক না কেন সমান আগ্রহ নিয়ে উপভোগ করেন। পোস্টের শেষদিকে ব্রাজিল সমর্থকদের জন্য শুভকামনাও জানান এই অভিনেত্রী।শাহনাজ খুশির এই পোস্ট সামাজিকমাধ্যমে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। অনেকেই মনে করছেন, ফুটবল সমর্থনকে কেন্দ্র করে যখন প্রায়ই তর্ক-বিতর্ক ও কটূক্তির ঘটনা দেখা যায়, তখন এই তারকা দম্পতির আচরণ পারস্পরিক সম্মান ও সহনশীলতার একটি ইতিবাচক উদাহরণ।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/20/বাথরুমের-পেছনের-গোপন-আস্/
বাংলা নাট্যাঙ্গনের অন্যতম জনপ্রিয় এই দম্পতি দীর্ঘদিন ধরেই পারিবারিক বন্ধন, বন্ধুত্ব ও পারস্পরিক শ্রদ্ধার জন্য পরিচিত। ব্যক্তিগত জীবন থেকে পেশাগত ক্ষেত্র—সব জায়গাতেই একে অপরের প্রতি তাদের সমর্থন ভক্তদের মুগ্ধ করেছে। ফুটবলের মতো আবেগঘন বিষয়েও সেই সুন্দর বোঝাপড়ারই প্রতিফলন দেখা গেল এবার। একজন আর্জেন্টিনার সমর্থক, অন্যজন ব্রাজিলের। কিন্তু ভালোবাসা, শ্রদ্ধা ও সম্পর্কের জায়গায় নেই কোনো বিভাজন। আর সেই বার্তাই নতুন করে ছড়িয়ে দিলেন শাহনাজ খুশি ও বৃন্দাবন দাস।

























