ত্রিশালে নজরুলজয়ন্তী ও খাল পুনঃখনন উদ্বোধনে প্রধানমন্ত্রী তারেক রহমান
- আপডেট সময় : ১২:৫১:০২ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬ ৬০ বার পড়া হয়েছে
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী ও খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করতে ময়মনসিংহের ত্রিশালে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং জানায়, শনিবার (২৩ মে) বেলা ১১টার দিকে রাজধানীর তেজগাঁওয়ের কার্যালয় থেকে সড়কপথে সফরসঙ্গীদের নিয়ে তিনি ময়মনসিংহের উদ্দেশে যাত্রা করেন।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/05/23/নির্ধারিত-সময়েও-ব্যয়ের/
দীর্ঘ প্রায় দুই দশক পর এবার জাতীয় পর্যায়ে নজরুলের জন্মবার্ষিকী ত্রিশালে উদযাপিত হচ্ছে। কবির জন্মদিন সোমবার হলেও ঈদুল আজহার ছুটিকে সামনে রেখে শনিবার থেকেই শুরু হয়েছে তিন দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানমালা।
সরকারি নজরুল একাডেমি মাঠে অবস্থিত নজরুল মঞ্চে এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। পুরো এলাকা সাজানো হয়েছে বর্ণিল আলোকসজ্জায়, নিরাপত্তা নিশ্চিতে নিয়োজিত রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/05/23/টেকনাফ-থেকে-তেতুলিয়া-পর/
উদ্বোধনের আগে বৈলর ইউনিয়নের কানহর এলাকায় ধরার খালের পুনঃখনন কাজের উদ্বোধন করবেন তিনি। উল্লেখযোগ্যভাবে, ১৯৭৯ সালে একই খালের খননকাজ উদ্বোধন করেছিলেন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান।
দিনের কর্মসূচির অংশ হিসেবে বিকেল ৫টায় ত্রিশাল নজরুল অডিটোরিয়ামে ময়মনসিংহ উত্তর, দক্ষিণ ও মহানগর বিএনপির সাংগঠনিক সভায় অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। এরপর সন্ধ্যা সাড়ে ৬টায় ঢাকার উদ্দেশে তার ফেরার কথা রয়েছে।


























