তপু বর্মণের জোড়া গোলে ইউরোপে ইতিহাস গড়ল বাংলাদেশ
- আপডেট সময় : ০১:০৩:৫৯ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬ ৪৮ বার পড়া হয়েছে
ইউরোপের মাটিতে প্রথমবারের মতো কোনো ইউরোপীয় দলকে হারিয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। সান মারিনো স্টেডিয়ামে অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রীতি ম্যাচে স্বাগতিক সান মারিনোকে ২-১ গোলে পরাজিত করেছে জামাল ভুঁইয়াদের দল।
ম্যাচের নায়ক ছিলেন অভিজ্ঞ ডিফেন্ডার তপু বর্মণ। দুই অর্ধে একটি করে গোল করে দলের জয় নিশ্চিত করেন তিনি। দুটি গোলই আসে তার হেড থেকে। শুরুতে কিছুটা চাপে থাকলেও ম্যাচের ১৯তম মিনিটে এগিয়ে যায় বাংলাদেশ। হামজা চৌধুরীর ফ্রি-কিক থেকে শেখ মোরসালিন ক্রস বাড়ালে তপু বর্মণ হেডে বল জালে পাঠিয়ে লাল-সবুজের সমর্থকদের উল্লাসে ভাসান।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/05/06/মিরপুরে-জাতীয়-দলের-সঙ্গ/
তবে সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। ৩৩তম মিনিটে রক্ষণভাগের ভুলের সুযোগ নিয়ে সমতায় ফেরে সান মারিনো। নিকোলাসের শটে বাংলাদেশের গোলরক্ষক মিতুল মারমা বল স্পর্শ করলেও শেষ পর্যন্ত জালে জড়ায়। প্রথমার্ধ ১-১ সমতায় শেষ হওয়ার পর দ্বিতীয়ার্ধে আক্রমণাত্মক কৌশল গ্রহণ করেন প্রধান কোচ থমাস ডুলি। বদলি হিসেবে নামানো হয় সামিত সোম, জায়ান আহমেদ ও সোহেল রানা জুনিয়রকে। এতে বাংলাদেশের আক্রমণের গতি আরও বেড়ে যায়।
ম্যাচের ৮৬তম মিনিটে আসে জয়সূচক গোল। হামজা চৌধুরীর নেওয়া ফ্রি-কিক থেকে বিশ্বনাথ ঘোষের ভলি শটের পর তপু বর্মণের মাথায় লেগে বল জালে জড়িয়ে যায়। এতে ২-১ ব্যবধানে এগিয়ে যায় বাংলাদেশ। শেষ মুহূর্তে সান মারিনো সমতায় ফেরার চেষ্টা করলেও বাংলাদেশের রক্ষণভাগ দৃঢ়তা দেখায়। ইনজুরি সময়ের চার মিনিট নিরাপদে পার করে ঐতিহাসিক জয় নিয়ে মাঠ ছাড়ে লাল-সবুজের প্রতিনিধিরা।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/02/বিশ্বকাপ-জয়ের-স্বাদই-সে/
এই জয়ের মাধ্যমে ইউরোপের কোনো দলের বিপক্ষে নিজেদের প্রথম জয় তুলে নিল বাংলাদেশ। এর আগে ২০০০ সালে ইংল্যান্ডে ভারতের বিপক্ষে এবং ২০০১ সালে ভারতের মাটিতে বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে খেললেও জয় পাওয়া হয়নি। ইতালির ভেতরে অবস্থিত ক্ষুদ্র রাষ্ট্র সান মারিনোতে অনুষ্ঠিত ম্যাচে গ্যালারির বড় অংশজুড়ে ছিলেন বাংলাদেশি প্রবাসীরা। তাদের উচ্ছ্বাস ও সমর্থনে পুরো স্টেডিয়াম যেন হয়ে উঠেছিল বাংলাদেশেরই ঘরের মাঠ।

























