উপবৃত্তি পেতে ২০ জুনের মধ্যে মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট ভ্যালিডেশন বাধ্যতামূলক
- আপডেট সময় : ১২:৩২:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬ ৫৬ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের আওতাধীন সমন্বিত উপবৃত্তি কর্মসূচির (এইচএসপি) ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি ও সমমানের উপবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট অভিভাবকের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দিয়ে যাচাই বা ‘ভ্যালিডেশন’ করার নির্দেশ দিয়েছে সরকার।
বুধবার (১৭ জুন) প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের জারি করা এক অফিস আদেশে দেশের সব উপজেলা ও থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের এ নির্দেশনা দেওয়া হয়। নির্দেশনায় বলা হয়েছে, আগামী ২০ জুনের মধ্যে মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট ভ্যালিডেশন সম্পন্ন করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে এই প্রক্রিয়া সম্পন্ন না হলে সংশ্লিষ্ট শিক্ষার্থীর উপবৃত্তি বিতরণ কার্যক্রম সাময়িকভাবে স্থগিত হয়ে যেতে পারে।
শিক্ষা সহায়তা ট্রাস্ট জানিয়েছে, সমন্বিত উপবৃত্তি কর্মসূচির সফটওয়্যারে যেসব শিক্ষার্থীর অভিভাবকের জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট এখনো যাচাই করা হয়নি, তাদের তথ্য সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান থেকে হালনাগাদ করতে হবে।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/05/11/ঢাবির-সহকারী-প্রক্টর-পদ-ছ/
এ লক্ষ্যে সফটওয়্যারের ‘মোবাইল ব্যাংক তথ্য আপডেট’ অপশন আগামী ২০ জুন পর্যন্ত উন্মুক্ত রাখা হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে এই সময়ের মধ্যেই প্রয়োজনীয় তথ্য সংশোধন ও আপডেটের কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে।
নির্দেশনায় আরও বলা হয়, সফটওয়্যারে শিক্ষার্থীর অভিভাবকের যে জাতীয় পরিচয়পত্র নম্বর সংরক্ষিত রয়েছে, সেই একই এনআইডি দিয়ে উপবৃত্তির জন্য ব্যবহৃত সিম নিবন্ধিত থাকতে হবে। পাশাপাশি ওই এনআইডির মাধ্যমেই খোলা মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট (বিকাশ, নগদ, রকেট, উপায়, এমক্যাশসহ অন্যান্য) সক্রিয় থাকতে হবে।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/09/আলিম-পরীক্ষার-সব-কেন্দ্র/
উপবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট ভ্যালিডেশনের বিস্তারিত নিয়মাবলি সংশ্লিষ্ট ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে বলে জানিয়েছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট। শিক্ষার্থী ও অভিভাবকদের দ্রুত প্রয়োজনীয় তথ্য যাচাই ও হালনাগাদ করার আহ্বান জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

























