আলিম পরীক্ষার সব কেন্দ্রে বাধ্যতামূলক সিসিটিভি, ২০ জুনের মধ্যে স্থাপনের নির্দেশ
- আপডেট সময় : ০২:০০:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬ ৪৫ বার পড়া হয়েছে
আসন্ন আলিম পরীক্ষা সুষ্ঠু, সুন্দর এবং সম্পূর্ণ নকলমুক্ত পরিবেশে আয়োজনের লক্ষ্যে নতুন নির্দেশনা জারি করেছে বাংলাদেশ মাদরাসা শিক্ষাবোর্ড। সোমবার প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে বোর্ড জানিয়েছে, দেশের প্রতিটি আলিম পরীক্ষা কেন্দ্রে বাধ্যতামূলকভাবে সিসিটিভি ক্যামেরা স্থাপন নিশ্চিত করতে হবে।
নির্দেশনা অনুযায়ী, শুধু পরীক্ষার হল নয়, কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তার কক্ষ, অফিসকক্ষ এবং বিশেষ করে প্রশ্নপত্র খোলার কক্ষও সিসিটিভি নজরদারির আওতায় আনতে হবে। মাদরাসা শিক্ষাবোর্ড জানিয়েছে, যেসব কেন্দ্রে এখনো সিসিটিভি স্থাপন করা হয়নি, সেগুলোকে আগামী ২০ জুনের মধ্যে কাজ সম্পন্ন করতে হবে।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/04/25/ঢাবির-টিএসসিতে-চুয়াডাঙ্/
এছাড়া কেন্দ্র প্রধানদের সিসিটিভি সংক্রান্ত তথ্য বোর্ডের নির্ধারিত অনলাইন সিস্টেমে সংরক্ষণ করার নির্দেশ দেওয়া হয়েছে। এজন্য বোর্ডের ওয়েবসাইটে লগইন করে নির্ধারিত পদ্ধতিতে তথ্য আপলোড করতে হবে। পরীক্ষার নিরাপত্তা আরও জোরদার করতে ট্রেজারি থেকে প্রশ্নপত্র গ্রহণের ক্ষেত্রেও নতুন নিয়ম চালু করা হয়েছে। প্রশ্নপত্র সংগ্রহে দায়িত্বপ্রাপ্ত শিক্ষক বা কর্মকর্তাদের নাম, ঠিকানা এবং মোবাইল নম্বর বোর্ডের নির্ধারিত ই-মেইলে পাঠাতে হবে।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/05/11/ঢাবির-সহকারী-প্রক্টর-পদ-ছ/
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, পরীক্ষা চলাকালে ধারণ করা সব ভিডিও ফুটেজ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাকে সংরক্ষণ করতে হবে এবং প্রয়োজন হলে তা কর্তৃপক্ষের কাছে সরবরাহ করতে হবে। মাদরাসা শিক্ষাবোর্ডের এই উদ্যোগকে পরীক্ষার স্বচ্ছতা, নিরাপত্তা এবং নকল প্রতিরোধে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।


























