মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্মানে আনোয়ার ইব্রাহিমের মধ্যাহ্নভোজ
- আপডেট সময় : ১২:৪৬:৫৭ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬ ২১ বার পড়া হয়েছে
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্মানে বিশেষ মধ্যাহ্নভোজের আয়োজন করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।
সোমবার দুপুরে মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী পুত্রজায়ায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে এই মধ্যাহ্নভোজ অনুষ্ঠিত হয়। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে উপস্থিত ছিলেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এবং তার সহধর্মিণীও অতিথিদের স্বাগত জানান।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/22/মালয়েশিয়ার-শ্রমবাজার-দ/
মধ্যাহ্নভোজের পর আয়োজিত হয় একটি বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান। সেখানে মালয়েশিয়ার শিল্পীরা সংগীত ও সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করেন। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল স্কুলশিক্ষার্থীদের কণ্ঠে বাংলাদেশের জনপ্রিয় দেশাত্মবোধক গান ‘প্রথম বাংলাদেশ আমার, শেষ বাংলাদেশ’ পরিবেশন।
দুই দেশের প্রধানমন্ত্রী ও তাদের সহধর্মিণীরা অনুষ্ঠানটি উপভোগ করেন এবং শিল্পীদের পরিবেশনার প্রশংসা করেন। অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা রহমান ভবন থেকে বের হলে প্রবেশপথের দুই পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকা মালয়েশিয়ার শিশু-কিশোররা বাংলাদেশ ও মালয়েশিয়ার জাতীয় পতাকা নেড়ে তাদের শুভেচ্ছা জানায়।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/22/আনোয়ার-ইব্রাহিমের-সঙ্গে/
প্রধানমন্ত্রী শিশুদের সঙ্গে কথা বলেন, তাদের খোঁজখবর নেন এবং শুভেচ্ছা বিনিময় করেন। হৃদ্যতাপূর্ণ এই মুহূর্ত দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রতীক হয়ে ওঠে। পরে বাসভবনের সামনে প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ও তার সহধর্মিণী বাংলাদেশের প্রধানমন্ত্রী ও তার সহধর্মিণীকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানান।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/22/শূন্য-পদ-৪-লাখ-৬৮-হাজারের-ব/
এরপর মোটরশোভাযাত্রার মাধ্যমে কুয়ালালামপুরের শাংগ্রি-লা হোটেলের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে তার আরও কয়েকটি গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে। বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যকার কূটনৈতিক সম্পর্ক, পারস্পরিক সম্মান ও বন্ধুত্বের উজ্জ্বল প্রতিফলন হিসেবে এই আয়োজনকে দেখছেন সংশ্লিষ্টরা।

























