ব্যাংকনির্ভরই রয়ে গেছে অর্থনীতি, বিকল্প আর্থিক খাতের অবদান মাত্র ৪.৬%
- আপডেট সময় : ১২:৪৩:৩০ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬ ৫৯ বার পড়া হয়েছে
দেশের আর্থিক খাত এখনো মূলত ব্যাংকনির্ভর—এমন চিত্রই উঠে এসেছে বাংলাদেশ ব্যাংক-এর সাম্প্রতিক প্রতিবেদনে। প্রতিবেদন অনুযায়ী, দেশে মোট ৭৬৫টি নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান, বিমা কোম্পানি, ব্রোকারেজ হাউস, মিউচুয়াল ফান্ড ও মোবাইল আর্থিক সেবা প্রতিষ্ঠান থাকলেও, পুরো আর্থিক খাতের সম্পদের মাত্র ৪.৬ শতাংশ তাদের দখলে। বিপরীতে ব্যাংকগুলোর দখলে রয়েছে ৭৮.১ শতাংশ সম্পদ।
২০২৫ সালের ডিসেম্বর শেষে এসব আর্থিক সংস্থার মোট সম্পদ দাঁড়িয়েছে প্রায় ২ লাখ ২ হাজার কোটি টাকা, যা আগের বছরের তুলনায় ১৩.৪৫ শতাংশ বেশি। তবে এই প্রবৃদ্ধি বাস্তব খাতে বিনিয়োগ বা শিল্পে অর্থায়নে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারেনি। বিশ্লেষণে দেখা গেছে, এসব প্রতিষ্ঠানের প্রায় ৮৫ শতাংশ সম্পদ ব্যাংক, সরকার বা অন্যান্য আর্থিক খাতে বিনিয়োগ করা হচ্ছে। ফলে সরাসরি ব্যবসা বা শিল্প খাতে ঋণ দেওয়ার পরিবর্তে অর্থ একই ব্যবস্থার ভেতরেই ঘুরপাক খাচ্ছে।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/04/25/জ্বালানি-সংকট-ও-লোডশেডিং/
আরও উদ্বেগজনক বিষয় হলো ঋণ বিতরণ কমে যাওয়া—বার্ষিক হিসেবে ৬.৭ শতাংশ এবং ত্রৈমাসিক হিসেবে ৪.৩৫ শতাংশ হ্রাস পেয়েছে। এতে বিকল্প অর্থায়ন উৎস হিসেবে এই খাতের কার্যকারিতা কমে যাচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, একটি কার্যকর বন্ডবাজার না থাকাই বড় বাধা। উন্নত অর্থনীতিতে বন্ডবাজার দীর্ঘমেয়াদি অর্থায়নের বড় উৎস হলেও বাংলাদেশে এটি প্রায় নিষ্ক্রিয়।
এদিকে, আর্থিক খাতের মধ্যে জীবন বীমা কোম্পানির সম্পদ সর্বোচ্চ (প্রায় ২৫%), আর মোবাইল আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠানের অংশ প্রায় ৯.৬%, যা ডিজিটাল লেনদেন বৃদ্ধির ইঙ্গিত দেয়। তবে এসব খাত এখনো মূলত লেনদেন ও সঞ্চয়ে সীমাবদ্ধ, শিল্পে দীর্ঘমেয়াদি অর্থায়নে কার্যকর ভূমিকা রাখতে পারছে না।


























