টানা বৃষ্টিতে সবজির বাজারে আগুন, কেজি ৬০-১৫০ টাকা
- আপডেট সময় : ০১:৩৩:০১ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬ ৪৬ বার পড়া হয়েছে
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে টানা চার দিনের বৃষ্টিতে অস্থির হয়ে উঠেছে সবজির বাজার। সরবরাহ কমে যাওয়ায় অধিকাংশ সবজির দাম বেড়ে এখন কেজি প্রতি ৬০ থেকে ৮০ টাকায় পৌঁছেছে, আর কিছু সবজির দাম ছাড়িয়েছে ১০০ টাকার ঘর। শুক্রবার রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, চিকন বেগুন বিক্রি হচ্ছে ৮০ থেকে ১০০ টাকা কেজি দরে। বড় গোল বেগুনের দাম আরও বেশি—১৩০ থেকে ১৫০ টাকা কেজি।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/04/28/স্বর্ণের-পর-রুপার-দামও-কম/
এছাড়া কাঁকরোল ১০০ থেকে ১২০ টাকা, টমেটো ৬০ থেকে ৭০ টাকা, বরবটি ৬০ থেকে ৮০ টাকা, পটোল ৬০ থেকে ৭০ টাকা, ঝিঙে ৬০ থেকে ৭০ টাকা এবং ঢ্যাঁড়স বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকায়। কাঁচা মরিচের দামও বেশ চড়া—প্রতি কেজি প্রায় ১২০ টাকা। করলা বিক্রি হচ্ছে ৬০ থেকে ৮০ টাকা এবং লাউ প্রতিটি ৬০ থেকে ৮০ টাকায়। কাঁচকলার হালি বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকায়। এদিকে মুরগির বাজারেও স্বস্তি নেই। ব্রয়লার মুরগি কেজি প্রতি ১৮৫ থেকে ১৯০ টাকা এবং সোনালি মুরগি ৩৩০ থেকে ৩৫০ টাকায় বিক্রি হচ্ছে।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/04/29/অবৈধ-অর্থ-ফেরাতে-যুক্তরা/
ক্রেতারা বলছেন, বৃষ্টির কারণে কষ্ট করে বাজারে এসে বাড়তি দামে সবজি কিনতে হচ্ছে। এতে স্থির আয়ের মানুষের সংসার চালানো কঠিন হয়ে পড়েছে। অন্যদিকে বিক্রেতারা জানিয়েছেন, টানা বৃষ্টির কারণে সরবরাহ কমে যাওয়ায় দাম বেড়েছে। পাশাপাশি কিছু সবজি মৌসুমের বাইরে থাকায় সেগুলোর দাম আরও বেশি।


























