ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যানের পদত্যাগ দাবিতে দ্বিতীয় দিনের আন্দোলন, উত্থাপন ৭ দফা দাবি
- আপডেট সময় : ০৪:০৫:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬ ৪৯ বার পড়া হয়েছে
ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান খুরশীদ আলমের পদত্যাগসহ ৭ দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছেন ‘সচেতন গ্রাহক ফোরাম’-এর সদস্যরা। মঙ্গলবার দুপুরে রাজধানীর মতিঝিলের দিলকুশায় ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে আয়োজিত সংবাদ সম্মেলন থেকে আন্দোলনকারীরা তাদের দাবিগুলো তুলে ধরেন।
তাদের প্রধান দাবির মধ্যে রয়েছে— নতুন চেয়ারম্যান খুরশীদ আলমের পদত্যাগ, সাবেক ব্যবস্থাপনা পরিচালক ওমর ফারুক খানের পুনর্বহাল, ব্যাংক লুটপাটের সঙ্গে জড়িতদের বোর্ড থেকে অপসারণ এবং ব্যাংক খাতে জবাবদিহিতা নিশ্চিত করা।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/05/23/আজও-খোলা-শেয়ারবাজার-২৫-ম/
এছাড়া এস আলম গ্রুপের দখলকৃত মালিকানা ও সম্পদ বিক্রির মাধ্যমে অর্থ সমন্বয়, ব্যাংক খাতে তাদের পুনঃপ্রবেশ বন্ধ এবং ব্যাংক লুটপাটের সঙ্গে জড়িতদের বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানানো হয়। প্রসঙ্গত, গত ২৪ মে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন অধ্যাপক এম জুবায়দুর রহমান। একই দিন বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খুরশীদ আলমকে ব্যাংকটির নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়।
খুরশীদ আলম ২০২৪ সালে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর হিসেবে দায়িত্ব পান। পরবর্তীতে রাজনৈতিক পটপরিবর্তনের পর কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের আন্দোলনের মুখে তিনি পদত্যাগ করেন। এদিকে আন্দোলনকারীরা বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খানের সাম্প্রতিক বক্তব্যেরও তীব্র সমালোচনা করেছেন। তাদের দাবি, নিয়ন্ত্রক সংস্থার দায়িত্বশীল পদে থেকে রাজনৈতিক মন্তব্য করা অনুচিত।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/02/এক-লাখ-কোটি-টাকার-ঈদ-অর্থন/
উল্লেখ্য, সোমবার আরিফ হোসেন খান বলেন, কোনো ব্যাংকের সিদ্ধান্ত রাস্তার আন্দোলনের মাধ্যমে নির্ধারিত হবে না এবং কোনো ব্যাংককে নির্দিষ্ট রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত করা ব্যাংকিং খাতের জন্য ঝুঁকিপূর্ণ।
সব মিলিয়ে, ইসলামী ব্যাংকের নেতৃত্ব ও পরিচালনা কাঠামো ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। আন্দোলনকারীদের দাবি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অবস্থান এখন ব্যাংক খাতের আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।


























