আদালতে আত্মসমর্পণের পর দুই মানহানি মামলায় স্থায়ী জামিন পেলেন এমপি মুফতি আমির হামজা
- আপডেট সময় : ০১:২৬:১৬ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬ ৪২ বার পড়া হয়েছে
সিরাজগঞ্জে দায়ের করা পৃথক দুটি মানহানির মামলায় স্থায়ী জামিন পেয়েছেন কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা। রোববার দুপুরে সিরাজগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের চৌহালী ও সদর আমলি আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন তিনি। পরে শুনানি শেষে বিচারক সুমন কুমার কর্মকার উভয় মামলায় তাকে স্থায়ী জামিন প্রদান করেন।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/14/দেশের-অর্থনীতি-গভীর-চাপে/
আদালত সূত্রে জানা গেছে, রোববার আইনজীবীর মাধ্যমে আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন মুফতি আমির হামজা। উভয় পক্ষের আইনজীবীদের যুক্তিতর্ক ও শুনানি শেষে আদালত এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন মুফতি আমির হামজার আইনজীবী আবু তালেব এবং বাদীপক্ষের আইনজীবী হুমায়ুন কবির।
মামলাগুলোর মধ্যে প্রথমটি দায়ের করেন আইনজীবী হুমায়ুন কবির। গত ২ এপ্রিল বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুকে নিয়ে ‘নাস্তিক’ ও ‘ইসলামবিদ্বেষী’ মন্তব্য করার অভিযোগে এ মামলা করা হয়। ওই মামলায় আদালত সমন জারি করলেও নির্ধারিত সময়ে হাজির না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছিল। পরে গত ২৭ এপ্রিল হাইকোর্ট থেকে আট সপ্তাহের আগাম জামিন নেন তিনি।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/15/ভারতীয়-হাইকমিশনারের-বক্/
অপর মামলাটি দায়ের করেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক শামীম খান। বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছোট ছেলে আরাফাত রহমান কোকোকে নিয়ে কটূক্তির অভিযোগে সিরাজগঞ্জ সদর আমলি আদালতে এ মামলা করা হয়। রোববার আদালতে হাজির হয়ে আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর দুই মামলাতেই স্থায়ী জামিন লাভ করেন মুফতি আমির হামজা।


























