‘মদের বারে’ এনসিপির সাংগঠনিক কার্যক্রম: বিএনপি নেতা রাশেদ খাঁন
- আপডেট সময় : ০১:৪৪:০২ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬ ৩০ বার পড়া হয়েছে
জাতীয় নাগরিক পার্টি বা এনসিপিকে ঘিরে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন বিএনপি নেতা রাশেদ খাঁন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেছেন, এনসিপির কিছু সাংগঠনিক কার্যক্রম ‘মদের বারে’ অনুষ্ঠিত হচ্ছে। তার এই মন্তব্য ঘিরে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে ব্যাপক আলোচনা।
শনিবার সকালে দেওয়া ওই পোস্টে রাশেদ খাঁন ব্যঙ্গাত্মক ভঙ্গিতে লেখেন, সংগঠনের আন্তর্জাতিক মান রক্ষার জন্য হয়তো এমন আয়োজন প্রয়োজন। কারণ এনসিপির অনেক নেতা বিদেশে পড়াশোনা করেছেন অথবা আন্তর্জাতিক এনজিওর সঙ্গে যুক্ত ছিলেন, যেখানে মদের বারে বসে আলোচনা বা সাংগঠনিক কাজ করাকে স্বাভাবিক হিসেবে দেখা হয়। তবে তিনি প্রশ্ন তোলেন, ধর্মভীরু ও হিজাবি নারী সদস্যদের জন্য এমন পরিবেশ কতটা গ্রহণযোগ্য। একইসঙ্গে তিনি অভিযোগ করেন, দলের এক নারী নেত্রীর অভিযোগের যথাযথ প্রতিকার হয়নি। বরং অভিযোগকারীকে ঘিরেই নানা প্রশ্ন ও ষড়যন্ত্রের গল্প তৈরি করা হয়েছে।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/18/মহাখালীতে-আওয়ামী-লীগের/
পোস্টে রাশেদ খাঁন আরও দাবি করেন, এনসিপি যদি প্রকৃত রাজপথের কর্মী ও জুলাই আন্দোলনের যোদ্ধাদের নিয়ে গঠিত হতো, তাহলে দলটির রাজনৈতিক অবস্থান আরও শক্তিশালী হতে পারত। তার মতে, বর্তমানে এনসিপিতে প্রকৃত আন্দোলনকর্মীর চেয়ে পরবর্তী সময়ে যুক্ত হওয়া সুবিধাভোগীদের সংখ্যাই বেশি। তিনি অভিযোগ করেন, দলের কিছু শীর্ষ নেতা নিজেদের ভবিষ্যৎ নেতৃত্বের জন্য সম্ভাব্য প্রতিদ্বন্দ্বীদের এড়িয়ে গেছেন। ফলে রাজপথে পরিচিত ও গ্রহণযোগ্য অনেক কর্মী দলটিতে জায়গা পাননি। এর পরিবর্তে রাজনৈতিকভাবে কম পরিচিত কিছু ব্যক্তিকে সামনে এনে ‘বিপ্লবী’ হিসেবে উপস্থাপন করা হয়েছে।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/18/খুলনায়-১১-দলীয়-ঐক্যের-ম/
রাশেদ খাঁনের ভাষ্য, এনসিপি থেকে অনেক জুলাই যোদ্ধা মুখ ফিরিয়ে নিয়েছেন। কেন তারা দূরে সরে গেছেন, সেই প্রশ্নের উত্তর দলটির শীর্ষ নেতৃত্বের খুঁজে বের করা উচিত। তার দাবি, সেই উত্তর খুঁজে পাওয়া গেলে রাজনৈতিক অঙ্গনে বিদ্যমান শূন্যতা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব হবে। বিএনপি নেতার এই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। তবে এ বিষয়ে এনসিপির পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

























