রিসোর্টের ৫০১ নম্বর কক্ষ নিয়ে দীর্ঘ ব্যাখ্যা দিলেন খেলাফত মজলিসের আমির
- আপডেট সময় : ০১:১৩:০৫ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬ ৩২ বার পড়া হয়েছে
চার বছর আগে আলোচিত নারায়ণগঞ্জের রয়েল রিসোর্টকাণ্ড নিয়ে এবার বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। শনিবার নিজের ফেসবুক পেজে দেওয়া দীর্ঘ এক পোস্টে তিনি দাবি করেন, রয়েল রিসোর্টের ৫০১ নম্বর কক্ষকে কেন্দ্র করে তাকে রাজনৈতিকভাবে ধ্বংস করার চেষ্টা করা হয়েছিল এবং এটি ছিল তৎকালীন সরকারের একটি ব্যর্থ প্রকল্প।
মামুনুল হকের ভাষ্য অনুযায়ী, ২০২১ সালের ৩ এপ্রিল তিনি তার স্ত্রী জান্নাত আরাকে সঙ্গে নিয়ে নারায়ণগঞ্জের রয়েল রিসোর্টে অবস্থান করছিলেন। সে সময় পুলিশ, স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মী ও অন্যরা সেখানে গিয়ে তাকে এবং তার স্ত্রীকে হেনস্তা করেন বলে অভিযোগ করেন তিনি।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/20/চীনের-আমন্ত্রণে-বেইজিং-য/
তিনি দাবি করেন, কক্ষে জোরপূর্বক প্রবেশ করে লাইভ সম্প্রচার চালানো হয় এবং তাদের ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন করা হয়। একইসঙ্গে তিনি বলেন, জিজ্ঞাসাবাদের সময় তিনি ও জান্নাত আরা নিজেদের বৈবাহিক সম্পর্কের কথা স্পষ্টভাবে জানিয়েছিলেন। পোস্টে জান্নাত আরার সঙ্গে তার বিয়ের বিষয়েও বিস্তারিত ব্যাখ্যা দেন মামুনুল হক। তিনি জানান, জান্নাত আরার পূর্ববর্তী বিবাহবিচ্ছেদের পর শরিয়ত অনুযায়ী তাদের বিয়ে সম্পন্ন হয়েছিল এবং ‘মুতা বিয়ে’ বা চুক্তিভিত্তিক বিয়ের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।
বিয়ে গোপন রাখার কারণ হিসেবে তিনি সামাজিক ও পারিবারিক জটিলতার কথা উল্লেখ করেন। একই সঙ্গে দাবি করেন, তিনি রাষ্ট্রীয় আইন কিংবা শরিয়তের কোনো বিধান লঙ্ঘন করেননি। মামুনুল হক আরও অভিযোগ করেন, রিসোর্ট ঘটনার পর তাকে দিয়ে বিভিন্ন রাজনৈতিক ও ধর্মীয় বক্তব্য আদায়ের চেষ্টা করা হয়েছিল। তবে তিনি কোনো চাপের কাছে নতি স্বীকার করেননি বলেও দাবি করেন।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/20/খেলাধুলা-হবে-পাঠ্যক্রমের/
পোস্টে তিনি জানান, ২০১৯ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত জান্নাত আরার সঙ্গে তার বৈবাহিক সম্পর্ক ছিল। পরবর্তীতে পারস্পরিক সমঝোতার মাধ্যমে ২০২৫ সালের মার্চ মাসে তাদের বিচ্ছেদ ঘটে। সবশেষে মামুনুল হক বলেন, ‘৫০১’ তার কাছে কোনো বিতর্কের প্রতীক নয়, বরং এটি তার ভাষায় রাজনৈতিক ষড়যন্ত্র ব্যর্থ হওয়ার একটি স্মারক। একই সঙ্গে তিনি আল্লাহর কাছে সবার জন্য হেদায়েত ও সুমতি কামনা করেন।

























