শাপলা চত্বরের ৫ মে ঘটনার তদন্তে স্বাধীন কমিশন গঠনের দাবি শফিকুর রহমানের
- আপডেট সময় : ১২:৪২:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬ ৩১ বার পড়া হয়েছে
রাজধানীর শাপলা চত্বর-এ ২০১৩ সালের ৫ মে’র ঘটনাকে ঘিরে স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত কমিশন গঠনের দাবি জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামি-এর আমির ডা. শফিকুর রহমান। মঙ্গলবার (৫ মে) দলটির এক বিবৃতিতে তিনি বলেন, ওই দিনের ঘটনার প্রকৃত সত্য উদঘাটন এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে একটি গ্রহণযোগ্য তদন্ত কমিশন গঠন জরুরি। তিনি এ ঘটনাকে দেশের ইতিহাসে ‘বেদনাবিধুর ও কলঙ্কজনক অধ্যায়’ হিসেবে উল্লেখ করেন।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/05/02/সরকারের-ভেতরে-যত-ঢুকছি-তত/
বিবৃতিতে তিনি বলেন, “সেদিন ধর্মপ্রাণ তাওহিদী জনতার ওপর পরিচালিত অভিযান জাতির বিবেককে নাড়া দিয়েছিল।” তার মতে, এ ধরনের ঘটনা মানবতা, ন্যায়বিচার ও গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী। তিনি আরও বলেন, দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখনো এ ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ বিচার সম্পন্ন হয়নি। এতে ভুক্তভোগী পরিবারগুলো ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছে এবং জনমনে হতাশা ও ক্ষোভ বাড়ছে।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/05/04/সংসদে-বিরোধী-দলের-মতপ্রক/
বিচারহীনতার সংস্কৃতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, একটি সভ্য রাষ্ট্রে এ ধরনের পরিস্থিতি কাম্য নয়। একই সঙ্গে তিনি উল্লেখ করেন, গণতান্ত্রিক রাষ্ট্রে শান্তিপূর্ণ সমাবেশ ও মতপ্রকাশের অধিকার সাংবিধানিকভাবে স্বীকৃত, এবং সেই অধিকার দমনে শক্তি প্রয়োগ গ্রহণযোগ্য হতে পারে না। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে সত্য উদঘাটন ও দায়ীদের আইনের আওতায় আনার ওপর জোর দেন তিনি।বিবৃতির শেষাংশে তিনি দেশবাসীর প্রতি শান্তি, ন্যায়বিচার ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
























