সরকারি চাকরিজীবীদের টিফিন ভাতা বাড়ছে পাঁচ গুণ
- আপডেট সময় : ০২:০৭:১১ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬ ২১ বার পড়া হয়েছে
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগামী ১ জুলাই থেকে নবম পে স্কেল কার্যকর হতে পারে বলে জানা গেছে। নতুন বেতন কাঠামোয় সবচেয়ে বেশি সুবিধা পেতে যাচ্ছেন ১১ থেকে ২০ গ্রেডের নিম্ন ও নিম্ন-মধ্যম আয়ের কর্মচারীরা।
সবচেয়ে আলোচনায় রয়েছে টিফিন ভাতা বৃদ্ধি। বর্তমানে মাসিক ২০০ টাকা টিফিন ভাতা দেওয়া হলেও নতুন প্রস্তাবে তা বাড়িয়ে ১ হাজার টাকা করার বিষয়টি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এতে সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের একটি দাবি পূরণ হতে যাচ্ছে।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/18/ঈদের-পর-দাম-কমলেও-ফের-ঊর্ধ/
২০১৫ সালে অষ্টম পে স্কেল কার্যকরের পর এবারই প্রথম বড় ধরনের পরিবর্তন আসছে সরকারি বেতন কাঠামোয়। টিফিন ভাতা পাঁচ গুণ বাড়ানোর খবরে সচিবালয় থেকে শুরু করে মাঠপর্যায়ের কর্মচারীদের মধ্যে ইতোমধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে।প্রস্তাব অনুযায়ী, ১১ থেকে ২০ গ্রেডের কর্মচারীদের পাশাপাশি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরাও এই বাড়তি সুবিধার আওতায় আসবেন।
বেতন কমিশন সূত্রে জানা গেছে, গত এক দশকে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির কারণে ২০০ টাকার টিফিন ভাতা কার্যত অকার্যকর হয়ে পড়েছিল। সেই বাস্তবতা বিবেচনায় নিয়েই ভাতা বৃদ্ধির সুপারিশ করা হয়েছে।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/21/ইইউতে-বাংলাদেশের-পোশাক-র/
নতুন পে স্কেলে আরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের প্রস্তাব রয়েছে। এর মধ্যে রয়েছে সর্বনিম্ন মূল বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা করা, বৈশাখী ভাতা ২০ শতাংশ থেকে ৫০ শতাংশে উন্নীত করা, শিক্ষা ভাতা ২ হাজার টাকা নির্ধারণ, প্রথমবারের মতো স্বাস্থ্যবীমা সুবিধা চালু এবং প্রতিবন্ধী সন্তানের জন্য অতিরিক্ত ২ হাজার টাকা ভাতা প্রদান।
অর্থ মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, ২০২৬-২৭ অর্থবছরের বাজেটের সঙ্গে সমন্বয় করে ধাপে ধাপে নতুন পে স্কেল বাস্তবায়নের পরিকল্পনা নেওয়া হয়েছে। এ বিষয়ে শিগগিরই আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি হতে পারে। তবে উল্লেখ্য, সরকার এখনো আনুষ্ঠানিকভাবে নবম পে স্কেল অনুমোদনের ঘোষণা দেয়নি। ফলে চূড়ান্ত সিদ্ধান্ত ও প্রজ্ঞাপন প্রকাশের পরই বিষয়টি নিশ্চিত হবে।


























