বিশ্ব মানবিক সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর আহ্বান বাংলাদেশের
- আপডেট সময় : ০২:০৬:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬ ৪৯ বার পড়া হয়েছে
বিশ্বব্যাপী মানবিক সংকট ক্রমশ গভীরতর হওয়ায় মানবিক সহায়তা জোরদার, বেসামরিক জনগণের সুরক্ষা নিশ্চিত এবং শান্তি প্রতিষ্ঠার কার্যক্রমে নারীদের অংশগ্রহণ আরও বাড়ানোর আহ্বান জানিয়েছে বাংলাদেশ।
জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদ—ইকোসকের ২০২৬ সালের হিউম্যানিটারিয়ান অ্যাফেয়ার্স সেগমেন্টে বক্তব্য দিতে গিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম মানবিক নীতি ও মূল্যবোধের প্রতি বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, প্রধান উপদেষ্টা তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ সামাজিক সুরক্ষা কর্মসূচির সম্প্রসারণ, দুর্যোগ প্রস্তুতি জোরদার, নারীর ক্ষমতায়ন এবং ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সহায়তায় কাজ করে যাচ্ছে।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/18/প্রধানমন্ত্রীর-ধমকের-পর/
একই দিনে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ‘নারী, শান্তি ও নিরাপত্তা’ বিষয়ক উন্মুক্ত বিতর্কে অংশ নিয়ে প্রতিমন্ত্রী শান্তি প্রতিষ্ঠা, সংঘাত প্রতিরোধ এবং সংঘাত-পরবর্তী পুনর্গঠনে নারীদের অপরিহার্য ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। তিনি জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে নিয়োজিত বাংলাদেশি নারী শান্তিরক্ষীদের পেশাদারিত্ব, নেতৃত্ব ও অবদানের প্রশংসা করেন। পাশাপাশি শান্তি ও নিরাপত্তা খাতে নারীদের অর্থবহ অংশগ্রহণ বৃদ্ধির আহ্বান জানান।
প্রতিমন্ত্রী বিশ্বব্যাপী সংঘাতপূর্ণ অঞ্চলে নারী ও শিশুদের ক্রমবর্ধমান দুর্ভোগ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। একই সঙ্গে মানবিক সহায়তা খাতে বাড়তে থাকা অর্থায়ন ঘাটতি মোকাবিলায় আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকার আহ্বান জানান। রোহিঙ্গা সংকটের প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, এ সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতা অব্যাহত রাখতে হবে। সেই সঙ্গে রোহিঙ্গাদের নিজ দেশ মিয়ানমারে দ্রুত, নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তন নিশ্চিত করতে হবে।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/18/পশ্চিমবঙ্গে-ভোটের-পর-৩৬-প/
পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, জাতিসংঘে বাংলাদেশের প্রতিনিধিদল মানবিক সহায়তা, নারীর ক্ষমতায়ন এবং শান্তি প্রতিষ্ঠা সংক্রান্ত বিভিন্ন উচ্চপর্যায়ের বৈঠকে অংশ নিচ্ছে এবং আন্তর্জাতিক সহযোগিতা জোরদারে সক্রিয় ভূমিকা পালন করছে।

























